বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে তুরস্ক, পতনের আগে ইরানকে বলেছিলেন আসাদ
বিদ্রোহীরা গত সপ্তাহে রাজধানী দামেস্কে প্রবেশ করলে সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল-আসাদ।
পতন হওয়ার কয়েক দিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেছিলেন, তাকে উৎখাত করতে তুরস্ক সিরিয়ার সুন্নি বিদ্রোহীদের সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে।
এ সপ্তাহে ইরানের দুই কর্মকর্তা বার্তা একথা জানিয়েছেন।
বিদ্রোহীরা গত সপ্তাহে রাজধানী দামেস্কে প্রবেশ করলে সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল-আসাদ। রুশ সরকার তাকে আশ্রয় দেয়। এর আগে ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলার সময় আসাদকে সমর্থন দিয়েছে ইরান।
আসাদের উৎখাত অঞ্চলটিতে ইরানের প্রভাব বড় ধাক্কা খেয়েছে।
হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা যখন শহরের পর শহর দখল করে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছিল, তখন ২ ডিসেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সিরিয়ার রাজধানী দামেস্কে বৈঠক করেন বাশার আল-আসাদ।
ইরানের এক কর্মকর্তা বলেন, বৈঠকে আসাদ ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তাকে উৎখাত করার জোর চেষ্টা চালাচ্ছে তুরস্ক। আরাগচি তখন আসাদকে ইরানের সহায়তা অব্যাহত থাকার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন এবং বিষয়টি নিয়ে আঙ্কারার সঙ্গে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পরদিন আরাগচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন এবং সিরীয় বিদ্রোহীদেরকে আঙ্কারার সমর্থন নিয়ে তেহরানের গভীর উদ্বেগ প্রকাশ করেন।
দ্বিতীয় ইরানি কর্মকর্তা বলেন, “বৈঠকটি ছিল উত্তেজনাপূর্ণ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মসূচিতে তুরস্কের সম্পৃক্ততা নিয়ে ইরান অসন্তোষ প্রকাশ করেছিল এবং আসাদের উদ্বেগের কথাও জানিয়েছিল।”
তবে বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান এই সংকটের জন্য আসাদকেই দায়ী করেছিলেন। ফিদান জোর দিয়ে বলেছিলেন, সত্যিকারের শান্তি আলোচনা শুরু করতে আসাদের ব্যর্থতা এবং বছরের পর বছর তার নিপীড়নমূলক শাসন এই সংঘাতের মূল কারণ।
যদিও ইরানের দুই কর্মকর্তার এই দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ফিদান ঠিক এভাবে কথা বলেননি বলে দাবি করেন তিনি। এমনকি আসাদের কোনো বার্তা আরাগচি তুরস্ককে দেননি বলেও ওই কর্মকর্তা দাবি করেছেন। এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেনি তিনি।
