২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ৯ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের

ঘটনাস্থলগুলোতে থাকা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ দিন ভোর থেকে অবরুদ্ধ ছিটমহলটির বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গাজায় ৯ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের
গাজার খান ইউনুসে ইসরায়েলের নিয়ন্ত্রিত ‘ইয়েলো লাইন’ জোনের মধ্যে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 01:57 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি বাহিনী ভোর থেকে শুরু করা বিভিন্ন হামলায় অন্তত নয়জনকে হত্যা করেছে। 

গাজার চিকিৎসা সূত্রগুলো রোববার আল জাজিরাকে এমনটি জানিয়েছে বলে খবর। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চললেও গাজায় সহিংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, এতে শান্তির আশা ক্রমেই ম্লান হচ্ছে। 

ঘটনাস্থলগুলোতে থাকা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ দিন ভোর থেকে অবরুদ্ধ ছিটমহলটির বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাজায় মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়া অব্যাহত আছে।  

গাজার হামাস পরিচালিত সরকারের গণমাধ্যম দপ্তর জানায়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এখন ১৬২০টিতে দাঁড়িয়েছে। 

প্রতিদিন বাড়তে থাকা এসব অভিযোগে যুদ্ধবিরতির ভঙ্গুরতা স্পষ্ট হচ্ছে আর যুদ্ধের মধ্যে থাকা দুইপক্ষের মধ্যে অবিশ্বাস কতো গভীর তা প্রকাশ পাচ্ছে। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সম্ভাবনায় মধ্যপ্রাচ্যজুড়ে যখন উত্তেজনা চলছে, তার ছায়ার মধ্যেই গাজায় নতুন করে এসব রক্তপাতের ঘটনা ঘটছে।  

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ধারবাহিকভাবে কয়েকটি হামলা চালিয়েছে। এসব হামলায় লেবাননের সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর গুদামগুলোকে লক্ষ্যস্থল করা হয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। এসব আন্তঃসীমান্ত হামলার কারণে ইসরায়েলের উত্তর সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে, এমন শঙ্কা তীব্র হচ্ছে।    

২০২৩ এর অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৭২ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। একই সময় আহত হয়েছে আরও এক লাখ ৭১ হাজার ৭০৬ জন ফিলিস্তিনি।