১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পেনের কাতালোনিয়ায় অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৫ তরুণের মৃত্যু

কর্তৃপক্ষের বিশ্বাস যারা মারা গেছেন তারা সবাই তরুণ আর তাদের মধ্যে কয়েকজন নাবালকও হতে পারেন।

স্পেনের কাতালোনিয়ায় অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৫ তরুণের মৃত্যু
কাতালোনিয়ার মানলেউ শহরের একটি পাঁচতলা ভবনের এক স্টোররুমে আগুনের সূত্রপাত। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় কাতালোনিয়ায় এক অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে এবং আরও চারজন সামান্য আহত হয়েছেন। 

সোমবার রাতে ওই অঞ্চলের দমকল কর্মীরা এসব তথ্য দিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। 

স্পেনের বার্তা সংস্থা ইএফই দমকল পরিষেবার সূত্রগুলোকে উদ্ধৃত করে জানিয়েছে, কর্তৃপক্ষের বিশ্বাস যারা মারা গেছেন তারা সবাই তরুণ আর তাদের মধ্যে কয়েকজন নাবালকও হতে পারেন।  

এক বিবৃতিতে দমকল পরিষেবা জানিয়েছে, মানলেউ শহরের একটি পাঁচতলা ভবনের এক স্টোররুমে আগুনের সূত্রপাত। নিহতরা ওই স্টোররুম এলাকা থেকে বের হতে পারেন। কী কারণে তারা সেখানে আটকা পড়েছিল তা পরিষ্কার হয়নি।  

মঙ্গলবার সকালে নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছিল। তবে কয়েকটি মৃতদেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় সেগুলো শনাক্ত করতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ড নিয়ে কাতালান পুলিশ তদন্ত শুরু করেছে।  

বার্সেলোনার উত্তরে ওসোনা অঞ্চলের মানলেউ ২১ হাজার বাসিন্দার একটি ছোট শহর।