হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনে প্রথমবার কিশোরদের দণ্ড
চীন সরকারকে উৎখাতে সোচ্চার থাকায় পাঁচ কিশোরকে তিন বছর আটক রাখার সাজা দিয়েছে হংকং।
হংকং সরকার প্রথমবারের মত কিশোরদের ওপর বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করেছে।
চীন সরকারকে উৎখাতে সোচ্চার হওয়ায় আদালত পাঁচ কিশোরকে তিন বছর আটক রাখার সাজা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সরকারবিরোধী বিক্ষোভে জড়িতদের বিচার সহজ করতে ২০২০ সালে চীন সরকার কঠোর সমালোচনা ও বিরোধিতা উপেক্ষা করে হংকংয়ে নতুন ওই জাতীয় নিরাপত্তা আইন চালু করে।
এরপর থেকে চীন সরকারকে উপেক্ষা করে আসা অনেকেরই এ আইনে জেল হয়েছে। বেশির ভাগ রাজনৈতিক বিরোধিতাই দমন করা হয়েছে।
নিরাপত্তা আইনে প্রথম সাজাপ্রাপ্ত ওই কিশোররা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছে এবং রাস্তার পাশের বিভিন্ন বুথে চীন সরকারের বিরুদ্ধে ‘রক্তক্ষয়ী আন্দোলনের’ জন্য উসকানিমূলক প্রচারণায় জড়িত ছিল- এমন অভিযোগের শুনানি শনিবার করেছে আদালত।
১৬ থেকে ১৯ বছরের এই কিশোর বয়সীরা হংকংয়ের স্বাধীনতাপন্থি সংগঠন ‘রিটার্নিং ভ্যালিয়েন্টের’ সদস্য ছিল।
হংকং আদালতের বিচারক কওক ওয়াই কিন বলেন, “তাদের উসকানিমূলক প্ররোচনায় একজনও প্রভাবিত হলে হংকংয়ের স্থিতিশীলতা ও নাগরিকদের সার্বিক নিরাপত্তার জন্য তা বড়ধরনের ক্ষতির কারণ হতে পারত।”
বিচারক জানান, আটককৃতরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে জেলে নয় বরং কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আর তাদের সাজার মেয়াদও ৩ বছরের জন্য সীমিত রাখা হয়েছে।
তারা কতদিন কাস্টডিতে থাকবে সেটি নির্ভর করবে কর্তৃপক্ষের বিচার-বিবেচনার ওপর। কিশোরদের বিরুদ্ধে এই মামলায় দুইজন প্রাপ্তবয়স্কও আছে। তাদের সাজা আগামী মাসে দেওয়া হবে।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বর ভিত্তিতে চায়নাফাইলের করা এক গবেষণায় দেখা গেছে, জাতীয় নিরাপত্তা আইনে এ পর্যন্ত মোট ১১০ জনকে গ্রেপ্তার করেছে হংকং সরকার। গ্রেপ্তার হয়েছে বিক্ষোভকারী, মানবাধিকার কর্মী এবং সাবেক বিরোধীদলীয় আইনপ্রণেতারা।
