২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় প্রশিক্ষণ অনুশীলন চলাকালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪

প্রশিক্ষণ অনুশীলন চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। জরুরি দুর্যোগ পরিস্থিতিতে সাড়া দিতে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত অনুষ্ঠিত হচ্ছিল।

আলজেরিয়ায় প্রশিক্ষণ অনুশীলন চলাকালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪
জেজেল ফেরহাত আব্বাস বিমানবন্দরের সীমানার মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 05:01 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর তাহেরের জেজেল ফেরহাত আব্বাস বিমানবন্দরে একটি বেসামরিক সুরক্ষা নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে আলজেরীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। 

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রশিক্ষণ অনুশীলন চলাকালে আলজেরিয়ার তৈরি সাফির-৪৩ বিমানটি বিধ্বস্ত হয়। এই প্রশিক্ষণ অনুশীলন নিয়মিত সূচী অনুযায়ী পরিচালিত হচ্ছিল।     

নিহতদের মধ্যে আলজেরিয়ার বেসামরিক সুরক্ষা বাহিনীর দুই সদস্য রয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিমানটিতে আলজেরিয়ার বেসামরিক সুরক্ষা বিমানচালনা স্কুলের একজন ফ্লাইট প্রশিক্ষক ও চিলির এক বিমান চালনা কোম্পানির ব্যবস্থাপকও ছিলেন। দুর্ঘটনায় তাদেরও মৃত্যু হয়েছে।   

আলজেরিয়ার তৈরি একটি সাফির-৪৩ বিমান। ছবি: এক্স 

আলজেরিয়ার তৈরি একটি সাফির-৪৩ বিমান

জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে আলজেরিয়ার বেসামরিক সুরক্ষা নিয়মিত এ ধরনের ফ্লাইট প্রশিক্ষণ পরিচালনা করতে থাকে। কৃত্রিম উদ্ধার অভিযান, উপকরণ পরীক্ষা ও বিভিন্ন অনুশীলন এই প্রশিক্ষণের অংশ। এ ধরনের প্রশিক্ষণ চলাকালেই দুর্ঘটনাটি ঘটে। 

বিমানবন্দরের সীমানার মধ্যেই বিমানটি পড়ে যায় ও বিধ্বস্ত হয়। কী কারণে বিমানটি পড়ে যায় তা পরিষ্কার হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে পূর্ণ তদন্ত শুরু হচ্ছে, তবে উত্তর পেতে সময় লাগবে।    

এই দুর্ঘটনার কারণ পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত এ ধরনের অন্যান্য বিমানগুলোর উড্ডয়ন কর্তৃপক্ষ বন্ধ রাখবে বলে ধারণা করা হচ্ছে।