৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

রাশিয়ায় বন্দি ইউক্রেইনীয়দের সঙ্গে ‘উত্তর কোরীয় সেনাদের’ বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি

এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে উত্তর কোরিয়ার দুই সেনাকে বন্দি করে নিয়ে এসেছে ইউক্রেইন।

রাশিয়ায় বন্দি ইউক্রেইনীয়দের সঙ্গে ‘উত্তর কোরীয় সেনাদের’ বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2025, 03:51 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

রাশিয়ায় বন্দি ইউক্রেইনীয়দের সঙ্গে বিনিময়ের ব্যবস্থা করতে পারলে কিইভ আটক উত্তর কোরীয় সেনাদের তাদের নেতা কিম জং উনের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

রোববার সামাজিক মাধ্যম এক্স এ জেলেনস্কি বলেন, “নিঃসন্দেহে উত্তর কোরিয়ার বন্দি প্রথম সেনার পর আরও আসবে। আমাদের সেনারা অন্যদেরও বন্দি করবে। এটি শুধু সময়ের ব্যাপার।”  

এর আগে শনিবার জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে উত্তর কোরিয়ার দুই সেনাকে বন্দি করে নিয়ে এসেছে ইউক্রেইন। 

রয়টার্স লিখেছে, প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেইনের যুদ্ধে গত শরতে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। তারপর থেকে ইউক্রেইন প্রথমবারের মতো উত্তর কোরীয় সেনাদের জীবিত বন্দি করার ঘোষণা দিল। 

ইউক্রেইনীয় ও পশ্চিমা হিসাব অনুযায়ী, রাশিয়ার বাহিনীগুলোকে আরও শক্তি যোগাতে মিত্র উত্তর কোরিয়ার প্রায় ১১ হাজার সেনা কুস্র্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়া তাদের মাটিতে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। 

কুর্স্কে রাশিয়া ও উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে বলে জেলেনস্কি দাবি করেছেন। 

তিনি বলেছেন, “কিম জং উন যদি রাশিয়ার বন্দি হয়ে থাকা আমাদের যোদ্ধাদের সঙ্গে তার সেনাদের বিনিময়ের ব্যবস্থা করতে পারেন তাহলে তাদের (উত্তর কোরীয় সেনাদের) তার হাতে তুলে দেওয়ার জন্য ইউক্রেইন প্রস্তুত।” 

জেলেনস্কি একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, তাতে উত্তর কোরিয়ার সেনা বলে উপস্থাপিত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তাদের একজন একটি বেডে শুয়ে ছিলেন আর তার হাতে ব্যান্ডেজ ছিল। অপরজন বসে ছিলেন আর তার চোয়ালে ব্যান্ডেজ বাঁধা ছিল। 

ইউক্রেইনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) জানিয়েছে, বন্দি ওই দুই সেনার একজন কর্মকর্তাদের বলেছেন, তিনি ভেবেছিলেন তিনি যুদ্ধ করার জন্য নয় বরং 'প্রশিক্ষণের' জন্য রাশিয়ায় যাচ্ছেন।

বিবিসি জানিয়েছে, তার কাছে অন্য এক ব্যক্তির নামে ইস্যু করা রাশিয়ার সামরিক আইডি কার্ড পাওয়া গেছে, কিন্তু বন্দি অপর সেনার কাছে কোনও কাগজপত্র পাওয়া যায়নি।  

এসবিইউ জানিয়েছে, ৯ জানুয়ারি বন্দি হওয়া দুই ব্যক্তি কিইভে রয়েছেন। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তারা শুধু কোরিয়ান ভাষায় কথা বলে, তাই দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।