২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদারহুড অ্যালায়েন্সকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল মিয়ানমার

যুদ্ধক্ষেত্রে একের পর এক অপমানজনক পরাজয় এবং জাতিগত বিদ্রোহী বাহিনীর কাছে বহু অঞ্চল হারানোর পর জান্তা সরকার এ ঘোষণা দিয়েছে।

ব্রাদারহুড অ্যালায়েন্সকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল মিয়ানমার
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 09:13 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

মিয়ানমারের সামরিক জান্তা সরকার তিনটি জাতিগত বিদ্রোহ গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্সকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসাবে তালিকাভুক্ত করেছে।

যুদ্ধক্ষেত্রে একের পর এক অপমানজনক পরাজয় এবং জাতিগত বিদ্রোহী বাহিনীর কাছে বহু অঞ্চল হারানোর পর সরকার এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী।

ব্রাদারহুড অ্যালায়েন্সের বিদ্রোহী গোষ্ঠী তিনটি হল: মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ)।

সোমবার এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক জান্তা সরকার বেসামরিক নাগরিক এলাকায় বোমা হামলা চালানো এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো ও ভবন ধ্বংসসহ ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর জন্য এই তিন গোষ্ঠীকে অভিযুক্ত করেছে।

সামরিক জান্তা জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করা এবং জোর করে তাদের দলে ভেড়ানোর অভিযোগও করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকার বেসামরিক নাগরিকদের হত্যা, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং দেশজুড়ে আবাসিক এলাকায় বোমাবর্ষণসহ যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।

জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করে আসা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো গত বছরের শেষদিকে বড় ধরনের অভিযান পরিচালনার জন্য ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ গঠন করে।

আর এখন এই জোটকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’র তালিকাভুক্ত করে জান্তা সরকার তাদের সঙ্গে সংলাপ বা শান্তি আলোচনায় জড়িত থাকার বিষয়টি নাকচ করে দিল।

তার মানে এটাও দাঁড়াল যে, মিয়ানমার জান্তার সামরিক বাহিনী এবং জাতিগত বিদ্রোহী জোটের মধ্যে চীন আর শান্তি আলোচনা আয়োজন করতে পারবে না, যেমনটি তারা এর আগে করেছে।

মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের রাজধানী তৌংগিতে মঙ্গলবার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদরদপ্তর পরিদর্শনকালে জান্তা প্রধান মিন অং হ্লাইংও সতর্ক করে বলেছেন, জাতিগত ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে সম্পৃক্ত যে কাউকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে গণ্য করা হবে।