২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র: পেন্টাগনের গোপন প্রতিবেদন

চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কী অবস্থায় আছে- তারই খুঁটিনাটি বর্ণনা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তরের মূ্ল্যায়ন প্রতিবেদনে।

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র: পেন্টাগনের গোপন প্রতিবেদন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 10:19 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুদ্ধে জড়াতে গেলে গো-হারা হারতে পারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের এক গোপন মূল্যায়ন প্রতিবেদনে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ‘ওভারম্যাচ ব্রিফ’ নামের এই গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস করেছে গত ৮ ডিসেম্বরে। 

পত্রিকাটি বলেছে, চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কী অবস্থায় আছে তারই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এই প্রতিবেদনে দিয়েছেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। 

সম্প্রতি তাইওয়ানে চীনের আগ্রাসন পরিস্থিতি তৈরি করে পেন্টাগনের চালানো যুদ্ধের মহড়ায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ফাইটার স্কোয়াড্রন, বড় যুদ্ধজাহাজ কার্যকরভাবে মোতায়েন হওয়ার আগেই সেগুলো অচল করে দিতে পারে চীন। এমনকী স্যাটেলইট নেটওয়ার্কও চীন অচল করে দিতে সক্ষম। 

পেন্টাগনের ‘অফিস অব নেট অ্যাসেসমেন্ট’ থিংক ট্যাংকের তৈরি করা মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক এবং ব্যয়বহুল অস্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার কারণে চীনের দ্রুত তৈরি করা কমদামী অস্ত্রের সামনে ঝুঁকির মুখে আছে।

চীন কিছুদিন আগেই হুঁশিয়ার করে দিয়ে বলেছিল, তাইওয়ানের বিষয়ে বিদেশি কোনও হস্তক্ষেপের চেষ্টা তারা ‘গুঁড়িয়ে’ দেবে। এই হুঁশিয়ারির পরই পেন্টাগনের গোপন ওই মূল্যায়ন প্রতিবেদন সামনে এল।

যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের দুর্বলতার কথাও স্বীকার করা হয়েছে এই প্রতিবেদনে। 

২০২১ সালেও একই ধরনের একটি মূল্যায়ন প্রতিবেদন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে পাঠিয়েছিল প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। এই প্রতিবেদন দেখে ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন সেই উপদেষ্টা। তড়িঘড়ি সেনা কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন তিনি।

পেন্টাগনের প্রতিবেদন বলছে, চীন খুব দ্রুতই তাদের অস্ত্রভান্ডার পাকাপোক্ত করে গড়ে তুলছে। যুক্তরাষ্ট্র এত দ্রুত প্রয়োজনীয় হাতিয়ার ও গোলাবারুদ তৈরি করতে পারছে না।

এখনও নতুন প্রজন্মের রণতরী নির্মাণে মান্ধাতার আমলের শিপইয়ার্ড ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। অধিকাংশ অস্ত্র তৈরির বরাত পায় চার থেকে পাঁচটি প্রভাবশালী ঠিকাদার।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, আধুনিক লড়াইয়ে ডুবো ড্রোন এবং স্পাইঅয়্যারের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই দুই অস্ত্রের নীরিখে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে চীন।

সমুদ্রের গভীরে ইন্টারনেটের তার কেটে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা অচল করতে পারে তারা। ওয়াশিংটনের রণতরী ডোবানোর ক্ষমতা আছে চীনা ড্রাগন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের। স্পাইঅয়্যারে চীনের আড়িপাতাও ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র।

 চীন খুবই সস্তায় লাখ লাখ সামরিক ড্রোন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। সেখানে ড্রাগন ক্ষেপণাস্ত্রের চেয়ে দুই শতাধিক গুণ বেশি অর্থ খরচ করে রণতরী এবং অন্যান্য হাতিয়ার বানায় যুক্তরাষ্ট্র। যুদ্ধের সময় সেগুলো ধ্বংসের লোকসান সামলানো তাদের জন্য কঠিন।

চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও এই দ্বীপদেশটিকে মূল ভূখন্ডের সঙ্গে একীভূত করে নেওয়ার কথা চীন বলে আসছে।

অন্যদিকে, তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম, স্বাধীন দেশ বলেই গণ্য করে। তাদের কথায়, তাইওয়ানের অবস্থার যে কোনও পরিবর্তন গণতান্ত্রিকভাবে সেখানকার জনগণই নির্ধারণ করবে, চীনের চাপানো সিদ্ধান্ত তারা মেনে নেবে না।

তাইওয়ানে আগ্রাসন চালানোর কোনও সময়সীমা চীন এখনও বেঁধে দেয়নি। তারপরও পশ্চিমা শক্তিধর দেশগুলোর মূল্যায়ন ও গোয়েন্দা তথ্যে বলা হচ্ছে, চীন সম্ভবত ২০২৭ সালের দিকে তাইওয়ান দখলের চেষ্টা শুরু করতে পারে। এই সময়সীমা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সামরিক আধুনিকীকরণের লক্ষ্যের সঙ্গে মিলে যায়।

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে চীন যে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলেছে, তা দিয়ে তারা তাইওয়ানে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্রের অনেক অত্যাধুনিক অস্ত্র, যেমন বিমানবাহী রণতরী ধ্বংস করে দিতে পারে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।