রাশিয়ার সঙ্গে বাণিজ্য চললে ফল ভুগতে হবে: তিন দেশকে নেটোর হুঁশিয়ারি
রাশিয়াকে ট্রাম্পের হুমকির একদিন পেরোতে না পেরোতেই এবার ভারত, চীন ও ব্রাজিলকে একই সুরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুত্তে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সদ্যই রাশিয়াকে যুদ্ধ বন্ধের আল্টিমেটাম দিয়ে বলেছেন, ৫০ দিনের মধ্যে ইউক্রেইন শান্তি চুক্তি না হলে মস্কোর বাণিজ্যিক অংশীদারদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ হবে।
এই হুমকির একদিন পেরোতে না পেরোতেই এবার ভারত, চীন ও ব্রাজিলকে ট্রাম্পের মতো একই সুরে কড়া হুঁশিয়ারি দিলেন পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুত্তে।
বুধবার রুত্তে বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে এই তিন দেশ খুবই কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সিনেটরদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।
এরপরই শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দেওয়ার আহ্বান জানিয়ে রুত্তে বলেন, “এই তিন দেশ, বিশেষ করে আপনি যদি চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন-তাহলে এদিকে নজর দিন। কারণ, এর বড় ধাক্কা লাগতে চলেছে আপনাদের ওপর।
“সুতরাং, ভ্লাদিমির পুতিনকে ফোন করে বলুন যে, তাকে শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ, তা না হলে ব্রাজিল, ভারত ও চীনের ওপর এর ভয়াবহ প্রভাব পড়বে।”
গত সোমবার নেটো মহাসচিব রুত্তের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাদের।
ট্রাম্প ওই বৈঠকের সময়ই রাশিয়াকে ইউক্রেইন যুদ্ধ বন্ধের জন্য ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। এদিকে, রুত্তে ওই বৈঠকের পর সাংবাদিকদের কাছে রাশিয়াকে নিয়ে হুঁশিয়ারি দিলেন।
দুইজনই বৈঠককালে রাশিয়ার বিরুদ্ধে নতুন এই পদক্ষেপ নিয়ে একমত হন। ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তা নিয়ে রিপাবলিকান সিনেটর থম টিলিস বলেন, উদ্যোগটি প্রশংসনীয় হলেও রাশিয়াকে ৫০ দিন সময় দেওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন।
“পুতিন এই সময়কে কাজে লাগিয়ে হয়ত যুদ্ধে বিজয় নিশ্চিত করতে চাইবেন। অথবা আরও ভূমি দখল করে তা আলোচনার টেবিলে ব্যবহার করতে চাইবেন। তাই আমাদের বলা উচিত—এই ৫০ দিনে যা কিছু করো না কেন, সেই সব অগ্রগতি আলোচনার বিষয়বস্তু হবে না,” বলেন টিলিস।
ইউক্রেইনের সমর্থনে ইউরোপ ‘যে কোনওভাবে অর্থ জোগাড় করবে’ বলে জানান রুত্তে। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে ব্যাপকভাবে অস্ত্র দেবে, যার খরচ বহন করবে ইউরোপ।
“এখানে কেবল আকাশ প্রতিরক্ষা নয়, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদসহ সবই থাকবে,” বলেন নেটো মহাসচিব। ইউক্রেইনকে দূরপাল্লার অস্ত্র দেওয়া হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে রুত্তে বলেন, “এতে প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক—দুই ধরনের অস্ত্রই থাকবে।
“তবে কোন অস্ত্র কতটা থাকবে, তা এখন পেন্টাগন ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেইনের সঙ্গে বসে ঠিক করছে।”
