তিন সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে কানাডা প্রবেশের প্রচেষ্টাকালে ১ মৃত্যু, গ্রেপ্তার ১৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী দুই দেশের সীমান্তে কড়াকড়ি আরোপের মধ্যেই এসব ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্র থেকে উত্তরের প্রতিবেশী দেশ কানাডায় প্রবেশের চেষ্টাকালে তিন সপ্তাহে তিনটি ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে কানাডার পুলিশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী সীমান্তে কড়াকড়ি আরোপের মধ্যেই এসব ঘটনা ঘটেছে।
বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে কানাডা পুলিশের সহকারী কমিশনার লিসা মোরেল্যান্ড বলেন, এসব লোকজন বিভিন্ন জাতীয়তার এবং তারা কানাডার হিমশীতল শীতের জন্য প্রস্তুত ছিল না আর তাদের কাছে ফেন্টানল মাদকও পাওয়া যায়নি।
গোপনীয়তা আইনের কারণে এসব ব্যক্তির বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি, জানিয়েছে রয়টার্স।
ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর বাড়তি শুল্ক চাপানোর সিদ্ধান্ত সোমবার স্থগিত করার দুই দিন পর এ সংবাদ সম্মেলন করলো কানাডা পুলিশ।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের সঙ্গে কথা বলে সীমান্ত বরাবর নতুন প্রযুক্তি ও নিরাপত্তা রক্ষী মোতায়েন এবং সংঘবদ্ধ অপরাধ, ফেন্টানল ও অর্থ পাচারের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ শুরু করার বিষয়ে সম্মত হয়ে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করাতে সক্ষম হন।
মোরেল্যান্ড থার্মাল ছবি ও আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজ প্রদর্শন করে বলেন, “কানাডার পুলিশ এটি পরিষ্কার করার চেষ্টা করছে যে আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখার মতো প্রযুক্তি ও সম্পদ যথাস্থানে মোতায়েন আছে।”
মোরেল্যান্ড জানান, সম্প্রতি যে তিনটি ঘটনা ঘটেছে তার একটিতে, এক ব্যক্তি মন্টেনা ও অ্যালবার্টাকে সংযোগকারী কুটস্ স্থলবন্দর দিয়ে গাড়ি চালিয়ে যুক্তরাষ্ট্র থেকে কানাডার ঢুকে পড়ে, তাকে তল্লাশির চেষ্টা করলে সে পালানোর চেষ্টা করে।
ওই ব্যক্তি একজন মার্কিন নাগরিক, পুলিশ তার পিঁছু নিলে সে নিজের আগ্নেয়াস্ত্রের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করেন।
এর একদিন আগে কুটসের কাছে পুলিশ চারজন পূর্ণবয়স্ক ও পাঁচজন কিশোর বয়সীকে আটক করে। মাকির্ন বর্ডার পেট্রলের গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়ে তাদের আটক করা হয়। আর ১৪ জানুয়ারি কানাডার সীমান্ত পার হয়ে মধ্যাঞ্চলীয় প্রদেশ ম্যানেটোবায় ঢোকার পর আরও ছয়জনকে আটক করা হয়।
মোরেল্যান্ড জানান, এসব লোকজন মাইনাস ২০ থেকে ৩০ সেলসিয়াস তাপমাত্রার আবহাওয়ার মধ্যে কানাডায় প্রবেশের চেষ্টা করছিলেন।
ম্যানেটোবা থেকে যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কারও পরনে টুপি, হাতমোজা, গলাবন্ধ ছিল না, যেগুলো কানাডার শীতে সাধারণভাবে দেখা যায়।
২০২২ সালের জানুয়ারিতে ম্যানেটোবা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে তুষারঝড়ের সময় জমে গিয়ে এক ভারতীয় পরিবারের চারজনের মৃত্যু হয়েছিল।
