২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বসনিয়ায় বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে নিহত ১১

আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

বসনিয়ায় বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে নিহত ১১
বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়ার টুজলা শহরে বৃদ্ধনিবাসে আগুনে ১১ জন নিহত হয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 06:02 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

বসনিয়ার উত্তরাঞ্চলের টুজলা শহরে এক বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে সেখানে পুরনো কএকটি নয়তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে এবং ঘণ্টাখানেকের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয় বলে ফেদেরালনা টিভি তাদের ওয়েবসাইটে দেওয়া খবরে বলেছে।

আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি। 

নিহতদের অনেকের প্রতিবন্ধিতা ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। উদ্ধারকারীরা অনেককে উপরের তলা থেকে নিচের তলাগুলোতে সরিয়ে নেন। আহতদের মধ্যে কয়েকজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

একাধিক রোগীকে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার চিকিৎসা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ইউনিভার্সিটি ক্লিনিকাল সেন্টার টুজলার মুখপাত্র এরসিয়া আশচেরিক মুইয়েদিনোভিচ নিশ্চিত করেছেন, জানিয়েছে নিউজ পোর্টাল টুজলানস্কি ডট বিএ।

“তিনজন রোগী কার্বন মনোক্সাইডে বিষক্রিয়ার কারণে অভ্যন্তরীণ চিকিৎসা ক্লিনিকে ভর্তি আছেন। দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন, আর একজন বর্তমানে ভর্তি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন,” বলেছেন এরসিয়া আশচেরিক মুইয়েদিনোভিচ।