২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো ভেনেজুয়েলায় ‘হামলা’ চালানোর কথা জানালেন ট্রাম্প

কোন লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে আর মার্কিন সরকারের কোন অংশ কাজটি করেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

প্রথমবারের মতো ভেনেজুয়েলায় ‘হামলা’ চালানোর কথা জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি এলাকায় ‘আঘাত’ হেনেছে যেখানে নৌযানগুলো মাদকে ভরা ছিল।

তার এ বক্তব্যের মধ্য দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ সৃষ্টির অভিযান শুরু করার পর থেকে প্রথমবারের মতো ওয়াশিংটন দেশটিতে স্থল অভিযান চালিয়েছে বলে জানা গেল।     

সোমবার ট্রাম্প বলেছেন, “যেখানে তারা নৌকাগুলোতে মাদক বোঝাই করে সেই জেটি এলাকায় বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছে। আমরা সবগুলো নৌকায় আঘাত হেনেছি আর এখন আমরা ওই এলাকায় আঘাত হানছি, এটি বাস্তবায়ন এলাকা। যেখানে তারা বাস্তবায়ন করে আর সেটি আর নেই।”

রয়টার্স লিখেছে, কোন লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে আর মার্কিন সরকারের কোন অংশ কাজটি করেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।  

আক্রমণটি সিআইএ চালিয়েছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি এটা বলতে চাই না। আমি ঠিক জানি কে ছিল কিন্তু কে ছিল তা বলতে চাই না “    

সিএনএন কয়েকটি সূত্র উদ্ধৃত করে সোমবার জানিয়েছে, সিআইএ চলতি মাসের প্রথম দিকে ভেনেজুয়েলার উপকূলে একটি বন্দরে ড্রোনযোগে আঘাতটি হেনেছে। এতে প্রত্যন্ত একটি বন্দরকে লক্ষ্যস্থল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাস ভেনেজুয়েলার অপরাধী গোষ্ঠী ত্রেন দে অ্যারাগুয়া মাদক গুদামজাত করতে ও সেগুলো পাচারের উদ্দেশ্যে নৌযানে বোঝাই করতে বন্দরটি ব্যবহার করতো। 

আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য অনুমোদন দিয়েছেন।

গত সপ্তাহে এক রেডিও অনুষ্ঠানে ট্রাম্প ভেনেজুয়েলায় একটি ‘বড় স্থাপনার’ বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন অভিযান নিয়ে অস্পষ্ট মন্তব্য করেছিলেন।  

রয়টার্স জানিয়েছে, এসব মন্তব্যের বিষয়ে বিস্তারিত জানার জন্য তারা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), হোয়াইট হাউজ ও পেন্টাগনে কিছু প্রশ্ন পাঠিয়েছিল, কিন্তু তারা জবাব দিতে রাজি হয়নি। 

আর ট্রাম্প যে ঘটনা বর্ণনা করেছেন ভেনেজুয়েলা সরকার তা নিয়ে কোনো মন্তব্য করেনি। এ নিয়ে ভেনেজুয়েলা থেকে স্বাধীন কোনো প্রতিবেদনও আসেনি। 

ভেনেজুয়েলার জুলিয়া রাজ্যে ২৪ ডিসেম্বর রাতে প্রাইমাজোল নামের একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ট্রাম্প রেডিও শোতে যে ইঙ্গিত দিয়েছিলেন তা এই ঘটনা নিয়েই, অনলাইনে এমন গুজব ছড়ালেও প্রাইমাজোল তা অস্বীকার করে। কোম্পানিটি দাবি করে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় আর কী থেকে আগুনের সূত্রপাত তা তদন্ত করে দেখা হচ্ছে।  

কিন্তু নিকটবর্তী প্রতিবেশীরা রয়টার্সকে জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন আর আগুন দেখেছেন, ক্লোরিনের গন্ধও পেয়েছেন। 

ভেনেজুয়েলা সরকারের কাছে সংবাদপত্রের পক্ষ থেকে জানানো সকল অনুরোধ দেখভাল করা যোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে সোমবার রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।