ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
মার্কিন বাহিনী ইরানের তেলবাহী ‘এম/টি ম্যাজেস্টিক এক্স’ নামের নিষেধাজ্ঞাধীন জাহাজে তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষাবিভাগ।
ভারত মহাসাগরে ইরানের তেল পরিবহনকারী একটি নিষেধাজ্ঞাকবলিত জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয়, “মার্কিন বাহিনী ভারত মহাসাগরে ইরান থেকে তেল পরিবহনকারী ‘এম/টি ম্যাজেস্টিক এক্স’ নামক একটি রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাধীন জাহাজকে বাধা দিয়েছে এবং তল্লাশি অভিযান চালিয়েছে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানকে ‘বস্তুগত সহায়তা’ দিচ্ছে এমন সন্দেহজনক জাহাজগুলোকে ভবিষ্যতে একইভাবে জব্দ করা অব্যাহত রাখবে মার্কিন সামরিক বাহিনী।
সাধারণত আন্তর্জাতিক আইন লঙ্ঘন বা শত্রুতামূলক কর্মকাণ্ডের সন্দেহে কোনও জাহাজকে মাঝসমুদ্রে থামানো এবং তাতে তল্লাশি চালানোকে ‘মেরিটাইম ইন্টারডিকশন’ বা নৌ-অবরোধ অভিযান বলা হয়।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক ডজন জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।
তবে এসব অভিযান ইরানের কাছাকাছি এলাকায় না চালিয়ে ভারত মহাসাগরের দূরবর্তী অঞ্চলে অভিযান পরিচালনা করছে মার্কিন নৌবাহিনী।
