১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হরমুজ এখনও আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান

মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর ওয়াশিংটন ইরানে বোমা হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর তেহরান এই প্রতিক্রিয়া জানাল।

হরমুজ এখনও আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 07:48 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টানা দুই সপ্তাহের বোমা হামলা বন্ধ করার পর ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা শান্তি আলোচনা নতুন করে শুরুর চেষ্টা করছে না।

মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর ওয়াশিংটন ইরানে বোমা হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর তেহরান এই প্রতিক্রিয়া জানাল।

যুক্তরাষ্ট্র এর আগে ইরাসে টানা ১৩ দিন হামলা চালিয়েছিল এবং ইরানও পাল্টা জবাবে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়। এরপর গত শনিবার ট্রাম্প বোমা হামলা চালানো বন্ধের ঘোষণা দেন। ইরানও জানায়, যুক্তরাষ্ট্র হামলা না চালালে তারাও হামলা বন্ধ রাখবে।

হামলা বন্ধের খবরে তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৮ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৯ ডলারের নিচে নেমে এসেছে।

কিন্তু সোমবারেই দুপক্ষের মধ্যে হামলায় নতুন বিরতি পরীক্ষার মুখে পড়ার লক্ষণ দেখা গেছে। জর্ডান এদিন দুটো ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানায়। ওদিকে, কয়েকটি ইরাকি নিরাপত্তা সূত্র জানায় উত্তর ইরাকে ইরানি কুর্দি বিরোধী যোদ্ধাদের একটি ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সংকটের কূটনৈতিক সমাধানের সুযোগ দিতেই ইরানে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন। তার দাবি, আলোচনার জন্য এখনো পথ খোলা রয়েছে। তবে ইরানের বক্তব্যে স্পষ্ট যে, দুই পক্ষের মধ্যে আলোচনার পরিবেশ এখনও তৈরি হয়নি।

ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, “ইরান আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছে।”

কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক টিভিতে সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর জন্য ইরান অনুরোধ জানায়নি।

তিনি বলেন, “মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান এখনও চলছে। ইরান কূটনীতির পথ পরিহার করেনি। তবে ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছে- এমন খবর অতিরঞ্জিত। আলোচনার চাওয়া ইরানের ডিএনএ-তে নেই।”

তাছাড়া, বিশ্বে জ্বালানির বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিও এখনও নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে ইরান জানিয়েছে।

ইরানের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে যে, সোমবার সকালে অনুমতি ছাড়া নির্ধারিত নৌপথ ব্যবহার না করে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করা ছয়টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তাদের দাবি, একটি জাহাজ দুর্ঘটনারও শিকার হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালির বৈধ নৌপথ ইরান নির্ধারণ করে দিয়েছে এবং অন্য রুটগুলো নিরাপদ নয়। যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা এখনও সম্ভব হয়নি।

ইরান জানিয়েছে জাহাজ কেবল তাদের উপকূলের কাছের রুট দিয়েই যাতায়াত করতে পারবে। যেখানে ইরানের নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখানে তারা ফি আদায়ের পরিকল্পনা করেছে।

হরমুজ প্রণালি বিশ্বে জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হত। বর্তমানে সংঘাতের কারণে পথটি অবরুদ্ধ হয়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।