যুক্তরাষ্ট্রের মেইনে ৮ আরোহী নিয়ে ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত
বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিক্স হান্ড্রেড বিজনেস জেট বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের লেলিহান শিখা সেটিকে গ্রাস করে নেয়।
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের মেইন ব্যাঙ্গর আন্তর্জাতিক (বিজিআর) বিমানবন্দরে আট আরোহীসহ একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত প্রায় ৭টা ৪৫ মিনিটের দিকে বিমানটি উড্ডয়নের সময় ঘটনাটি ঘটে।
এফএএর বরাত দিয়ে রয়টার্স জানায়, আরোহীদের পরিচয় ও তাদের ভাগ্যে কী ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দুই ইঞ্জিনের টার্বো-ফ্যান জেট বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিক্স হান্ড্রেড বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের লেলিহান শিখা সেটিকে গ্রাস করে নেয়। তবে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।
আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিমানবন্দরটিতে হালকা তুষারপাত শুরু হয়েছিল। তবে এ ঘটনায় আবহাওয়ার কোনো ভূমিকা আছে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এমন কোনো ইঙ্গিত দেয়নি।
মেইনের অধিকাংশ স্থানজুড়ে একটি শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। অঙ্গরাজ্যটির তৃতীয় বৃহত্তম শহর ব্যাঙ্গরও এর আওতায় আছে।
ওই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি টেক্সাস থেকে মেইনে এসেছিল। বিমানটি টেক্সাসের হিউস্টনের একটি কোম্পানির ঠিকানায় নিবন্ধিত ছিল।
এফএএর রেকর্ড থেকে জানা গেছে, বিমানটি ২০২০ এর এপ্রিল থেকে পরিষেবা দেওয়া শুরু করেছিল।
এফএএ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ডকে সঙ্গে নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনাটির তদন্ত করবে।
