২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় ৯ শিশু নিহত: তালেবান

দেশটির কুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ওই দুই প্রদেশে আরও ৪ জন আহত হয়েছেন।

আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় ৯ শিশু নিহত: তালেবান
খোস্তের স্থানীয় এক বেসামরিক বাসিন্দার বাড়িতে হামলাটি চালানো হয়। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 11:49 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় অন্তত নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন বলে দেশটির তালেবান সরকার জানিয়েছে। 

মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের স্থানীয় এক বাসিন্দার বাড়িতে হামলাটি চালানো হয়।

এর পাশাপাশি পাকিস্তান কুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে ওই দুই প্রদেশে আরও চারজন আহত হয়েছেন। 

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে মুজাহিদ বলেছেন, “গত রাত ১২টায় খোস্তের গার্বজো জেলায় পাকিস্তানি আক্রমণকারী বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা বিলাইয়াত খানের বাড়িতে বোমাবর্ষণ করে। এতে ৯ শিশু (৫ বালক ও ৪ বালিকা) এবং একজন নারী নিহত হন আর তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়।” 

এই পোস্টের সঙ্গে ছবিও জুড়ে দিয়েছেন তিনি, জানিয়েছে রয়টার্স। 

তালেবানের এই অভিযোগের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে রয়টার্স তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি বলে জানিয়েছে। 

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর পেশোয়ারে দেশটির আধাসামরিক বাহিনীর এক সদরদপ্তরে দুই আত্মঘাতী হামলায় তিন জওয়ান নিহত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ হামলাটি চালানো হল। 

অক্টোবরে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তখন দুই পক্ষেই বহু মানুষ নিহত হয়েছিলেন। এটি ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা। 

অক্টোবরেই দুই পক্ষ কাতারের রাজধানী দোহায় একটি অস্ত্রবিরতিতে স্বাক্ষর করে। কিন্তু এরপর তুরস্কে দুই পক্ষের মধ্যে হওয়া শান্তি আলোচনা ব্যর্থ হয়। পাকিস্তানের অভিযোগ, সশস্ত্র জঙ্গিরা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। কিন্তু আফগানিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করার পর দীর্ঘ মেয়াদি শান্তি চু্ক্তি লক্ষ্যে অনুষ্ঠিত ওই আলোচনা আর এগোয়নি।