ইরানে ‘পরমাণু বোমা মারবেন না’ ট্রাম্প, চুক্তির ‘সময় ফুরিয়ে আসছে’
এমন এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট এসব বললেন, যখন মধ্যপ্রাচ্যে ঢুকেছে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ। তাতে ওই অঞ্চলে এখন মার্কিন বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াল তিন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে পারমাণবিক সংঘাতে পরিণত করবেন না।
বৃহস্পতিবার একইসঙ্গে তিনি তেহরানকে শান্তি চুক্তি করার ‘সময় ফুরিয়ে আসছে’ বলে হুঁশিয়ারিও দিয়েছেন। তার এ হুঁশিয়ারি এমন এক সময়ে এল যখন তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে।
এরই মধ্যে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তেহরানের আকাশে বিস্ফোরণের খবর ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা সক্রিয় হওয়ার খবর দেয় ইরানি গণমাধ্যমগুলো।
গত ৮ এপ্রিল ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেহরানে এমন বিস্ফোরণের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
বিস্ফোরণের কারণ জানা যায়নি। একাধিক ইসরায়েলি সূত্র প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেছে, তাদের দেশ এখন ইরানে হামলা চালাচ্ছে না।
ট্রাম্পের হুমকি
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র মোতায়েনের কোনো পরিকল্পনা তার নেই। কারণ প্রচলিত যুদ্ধাস্ত্র দিয়েই ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে ‘ধসিয়ে দেওয়া’ হয়েছে।
“কেন আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবো? সেটা ছাড়াই, গতানুগতিক অস্ত্রের সাহায্যেই আমরা তাদের পুরোপুরি ধসিয়ে দিয়েছি।
“না আমি (পরমাণু বোমা) ব্যবহার করবো না। কারও কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি থাকা উচিত নয়,” বলেছেন তিনি।
কোনো ইরানি নৌযান হরমুজ প্রণালিতে মাইন পাতছে, এমনটা দেখা গেলে তাৎক্ষণিক ওই নৌযানকে ধ্বংস করতে মার্কিন এ প্রেসিডেন্ট নির্দেশও দিয়েছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টে তিনি লেখেন, চুক্তির জন্য ইরানের হাতে ‘সময় ফুরিয়ে আসছে’।
“আমার হাতে অগাধ সময়, কিন্তু ইরানের হাতে নেই, ঘড়ি টিকটিক করছে,” বলেছেন তিনি।
মার্কিন এ প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের নেতারা ‘আর আমাদের মাঝে নেই। কড়া ও শক্তিশালী অবরোধ চলছে। এখান থেকে পরিস্থিতি কেবল আরও খারাপই হবে’।
গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে পরবর্তী দফা আলোচনা হওয়ার কথা থাকলেও ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে দায় দিয়ে তেহরান তাতে অংশ নিতে আপত্তি জানায়।
যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালি থেকে দূরে একের পর এক ইরানি নৌযানের চলাচলে বাধা দিচ্ছে, কোনো কোনোটাকে আটকও করছে। এদিকে ইরানও সম্প্রতি দুটি বিদেশি নৌযানকে আটক করেছে। তারা একাধিক নৌযানের ওপর গুলিও চালিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি তাদের কব্জায় নিয়ে নেয়। তাদের অনুমতি ছাড়া গত দুই মাসে ওই প্রণালি দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারেনি। যুদ্ধের আগে ওই প্রণালি দিয়ে বিশ্বের তেল-গ্যাসের এক পঞ্চমাংশ সরবরাহ হতো।
উপসাগরে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী
ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যে প্রবেশ করার পর ওই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরীর সংখ্যা তিন-এ দাঁড়াল।
“দ্বিতীয় বিমানবাহী রণতরীটি বৃহস্পতিবার লোহিত সাগরে কার্যক্রম চালাচ্ছিল, তৃতীয়টিও এই অঞ্চলে প্রবেশ করেছে,” এক্সে দেওয়া পোস্টে লিখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এদিন মার্কিন সেনারা ভারত মহাসাগরে ইরান থেকে তেল নিয়ে যাওয়া একটি নৌযানে উঠে তল্লাশিও চালায়। এদিকে ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ পাড়ি দিতে ইচ্ছুক নৌযানের দেওয়া শুল্ক প্রথমবার তাদের ব্যাংকে জমা পড়েছে।
আর ট্রাম্প বলেছেন, তিনি হরমুজে মাইন পাতা নৌযান, তা সে যতই ছোট হোক না কেন, তা গুলি করে ধ্বংস করে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
