নির্বাচনে কনজারভেটিভ দলের বড় যে নেতারা হারলেন
৮ জন কেবিনেট মন্ত্রী এবারের নির্বাচনে তাদের আসন খুইয়েছেন। এ সংখ্যা ছাড়িয়ে গেছে ১৯৯৭ সালের রেকর্ড।
যুক্তরাজ্যে এবারের নির্বাচনে হেরে গেছেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের রেকর্ড সংখ্যক ঊর্ধ্বতন মন্ত্রী। এর মধ্যে আছেন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নেতা পেনি মরডন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপসও।
মোট ৮ জন কেবিনেট মন্ত্রী তাদের আসন খুইয়েছেন। এ সংখ্যা ছাড়িয়ে গেছে ১৯৯৭ সালের রেকর্ড। ওই বছর পরাজিত হয়েছিলেন ৭ জন। সে সময় টনি ব্লেয়ার বিপুল জয়ের মধ্য দিয়ে লেবার পার্টিকে ক্ষমতায় বসিয়েছিলেন।
প্রায় ৩০ বছর পর আবার সেই একইরকম জয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসছে লেবার পার্টি। কনজারভেটিভরা হারিয়েছে ২০০’র বেশি আসন। মন্ত্রীরাসহ বেশকিছু পার্লামেন্ট সদস্যও এবার হেরেছেন।
প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস পার্লামেন্টে ছিলেন প্রায় ২০ বছর। এক বক্তব্যে নির্বাচনে হারের জন্য তিনি কনজারভেটিভ দলে বিভাজনকে দায়ী করেছেন। ভোটারদের সমর্থন হারানোর জন্য সহকর্মীদের দায়ী করেন তিনি।
যুক্তরাজ্যে আসন হারানো সবচেয়ে উর্ধ্বতন মন্ত্রী শ্যাপস। ১৯৯৭ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মাইকেল পোর্টিল্লোর হারের পর এবার শ্যাপস হারলেন।
ব্রিটিশ রাজনীতিতে মন্ত্রীদের নিজের পার্লামেন্টারি আসন হারানোর ঘটনা তুলনামূলকভাবে বিরল। যুক্তরাজ্যে গত ২৭ বছরে ছয়টি নির্বাচনে সর্বশেষ গত বৃহস্পতিবার পর্যন্ত আসন খোয়ানো কেবিনেট মন্ত্রী ছিলেন মাত্র ৪ জন।
কিন্তু শুক্রবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ফল ঘোষণা হতেই দেখা গেছে মন্ত্রীদের হারের মিছিল।
পেনি মর্ডন্ট, যুক্তরাজ্যের ভবিষ্যৎ নেতা হিসাবে সম্ভাবনাময় প্রার্থী হিসাবে যিনি বিবেচিত এবং রানি এলিজাবেথের মৃত্যুর পর যিনি ছিলেন বিশেষ সাংবিধনিক ভূমিকায়, তাকেও নির্বাচনে আসন হারাতে হল। হারের পর তিনি বলেছেন 'গণতন্ত্র কখনও ভুল নয়'।
এছাড়াও আসন হারিয়েছেন শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতিমন্ত্রী লাকি ফ্রেজার, বিজ্ঞানমন্ত্রী মিশেল ডোনেলান এবং আইনমন্ত্রী অ্যালেক্স চাক।
অন্যান্যদের মধ্যে আছেন দ্য ফাদার অব দ্য হাউজ উপাধি পাওয়া দীর্ঘদিনের আইনপ্রণেতা পিটার বটমলি। ব্রেক্সিটের পক্ষে থাকা বড় নেতা জ্যাকব রিস-মগও আর এমপি নন।
ওদিকে, স্কটিল্যান্ডে কনজারভেটিভ পার্টির নেতা ডগলাস রস তার আসনে পরাজিত হয়েছেন। তার বিরুদ্ধে জয় পেয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক প্রার্থী সিমাস লগান।
