পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩১
বিস্ফোরণে আরও ১৬৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদের উপ-কমিশনার। কয়েকটি খবরে বলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে শুক্রবারের জুমা’র নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে।
আহত আরও ১৬৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদের উপ-কমিশনার ইরফান মেমোন।
ইসলামাবাদের তারলাই এলাকার মসজিদে এই বিস্ফোরণের পর নগরীর তিনটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কয়েকটি খবরে বলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, মানুষের জুতো-স্যান্ডেল মসজিদে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষজন মেঝেতে শুয়ে কিংবা বসে আছে। কেউ কেউ সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে।
তারলাই এলাকার ইমামবরগা খাদিজাতুল কুবরায় এই হামলা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মসজিদে এই বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
নিরপরাধ মানুষকে হামলার নিশানা করা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ আখ্যা দেন তিনি। তিনি আরও বলেন, হামলার শিকার পরিবারগুলোর পাশে আছে গোটা জাতি।
