২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প , নিহত ১৪

রাজধানী পোর্ট ভিলা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। উদ্ধারকর্মীরা আটকা পড়া মানুষের সন্ধান করছে।

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প , নিহত ১৪
ছবি: রয়টার্স

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 03:22 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে মঙ্গলবার ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২শ’রও বেশি মানুষ। ভেঙে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাস এবং হাসপাতালও।

পোর্ট ভিলা কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। উদ্ধারকর্মীরা বুধবার ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া মানুষের খোঁজ শুরু করেছে। ভেঙে পড়া দুটো ভবনে এই উদ্ধারকাজ চলছে বলে এক ভিডিও বার্তায় জানান ভানুয়াতুর পুলিশ কমিশনার।

একটি ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া তিনজন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে জানিয়ে তিনি বলেন, “আমাদের ধারণা ভেতরে আরও মানুষ আটকা পড়ে আছে।”

ভানয়াতুতে ব্যবসা পরিচালনা করা এক অস্ট্রেলীয় মাইকেল থম্পসন জানান, তিনি মঙ্গলবার রাতে ধ্বংসস্তুপ খুঁড়ে কিছু মানুষকে বের করে এনেছেন। জীবিত উদ্ধার পাওয়া তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে ফেইসবুকে এক পোস্টে জানান থম্পসন।

ভূমিকম্পের কারণে বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা সবই বিঘ্নিত হয়েছে, বলছেন সরকারি ও জ্বালানি কর্মকর্তারা। পোর্ট ভিলার হাসপাতালের বাইরে তাঁবু খাটিয়ে রোগীদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে।

ভূমিকম্পে পোর্ট ভিলার মূল শহরে ১০ টি ভবনের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় একথা জানিয়েছে।

এছাড়া, পোর্ট ভিলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও নিউজিল্যান্ডের দূতাবাস ভবনের কংক্রিটের পিলারও শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়েছে। মঙ্গলবারের এ ভূমিকম্পের পরপরই ৬ দশমিক ১ মাত্রার কয়েকটি পরাঘাত হয়।

এমনকি ২ মিনিট আগেও ভূমিকম্পের পরাঘাত অনুভূত হওয়ার কথা বুধবার এবিসি নিউজকে জানিয়েছেন স্থানীয় একজন।

ভানুয়াতুর তত্বাবধায়ক প্রধানমন্ত্রী শার্লোট বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কয়েকদিনের জন্য জরুরি অবস্থা এবং কারফিউ জারি করেছে। উদ্ধারকাজে আন্তর্জাতিক সহায়তার জন্যও অনুরোধ জানানো হয়েছে।