১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরেক জিম্মির মরদেহ দিল হামাস, রাফা ক্রসিং খোলার ইঙ্গিত ইসরায়েলের

ইসরায়েল বলছে,  সব জিম্মির মৃতদেহ ফিরে পেলেই গাজায় মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হবে।

আরেক জিম্মির মরদেহ দিল হামাস, রাফা ক্রসিং খোলার ইঙ্গিত ইসরায়েলের
শেষ দুই মৃত জিম্মির ছবি হাতে ইসরায়েলিদের মিছিল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 11:32 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস বলেছে, তারা তাদের হাতে থাকা শেষ দুই জিম্মির একজনের মরদেহ বুধবার  ইসরায়েলকে ফেরত দিয়েছে। 

ওদিকে, ইসরায়েল সব জিম্মির মৃতদেহ ফিরে পাওয়া মাত্রই গাজায় মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে।

হামাস এর আগে মঙ্গলবারও একটি মরদেহ হস্তান্তর করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় পরে জানায়, সেটি কোনও জিম্মির নয়।

গাজায় থাকা শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হামাস হস্তান্তর করলে ভূখন্ডটিতে দুই বছর ধরে চলা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রাথমিক একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হবে।

আর গাজা এবং মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিংও দুইদিক থেকে খুলে যাবে। ইসরায়েল গত অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই এই ক্রসিং বন্ধ করে রেখেছে।

তারা বলছে, হামাসকে আগে যুদ্ধবিরতির শরত মেনে এখন পর্যন্ত গাজায় থাকা সব জীবন্ত কিংবা মৃত জিম্মিকে ফেরত দিতে হবে।

“সব জিম্মি ইসরায়েলের ফেরত গেলেই রাফা ক্রসিং দুইদিক থেকে খুলে দেওয়া হবে” সাংবাদিকদেরকে একথা বলেছেন ইসরায়েলি সরকারের মুখপাত্র সোস বেদ্রোসিয়ান। আগামী কয়েকদিনের মধ্যে ক্রসিং খুলবে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

গাজায় অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস জীবিত ২০ জন জিম্মি এবং ২৬ জন জিম্মির মৃতদেহ ইসরায়েলকে ফেরত দিয়েছে। বিনিময়ে তারা ফেরত পেয়েছে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে।

আর গাজার মৃত শেষ দুই জিম্মির একজন হচ্ছেন: এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা এবং এক থাই কৃষিকর্মী। ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাসের হামলার সময় এই দুইজন হামাস যোদ্ধাদের হাতে জিম্মি হয়েছিলেন।

হামাস-সংশ্লিষ্ট ইসলামিক জিহাদ আন্দোলনের শসস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তারা রেডক্রসের একটি টিমের সঙ্গে উত্তর গাজায় খোঁজাখুঁজি করে এক জিম্মির দেহ পেয়েছে।

হামাস এবং ইসলামিক জিহাদ বলেছে, তারা বুধবার বিকালেই ওই জিম্মির মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করেছে। তবে এটি শেষ দুই জিম্মির কোনজনের মরদেহ তা বলেনি গোষ্ঠীটি।