২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নির্বাচন আয়োজনে মিয়ানমারে জান্তাপ্রধানের নেতৃত্বে কমিশন

নির্বাচন ডিসেম্বরে হবে বলা হলেও তারিখ ঘোষিত হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 02:52 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

যুদ্ধবিধ্বস্ত দেশে নির্বাচন আয়োজনে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সামরিক বাহিনী প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির ক্ষমতাসীন জান্তা এখনও নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেনি এবং মিন অং হ্লাইং অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে থেকেই নির্বাচন সংক্রান্ত সবকিছু দেখভাল করবেন, বলেছে মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশন (এমআরটিভি)।

আগের দিন বুধবারই হ্লাইং বলেছিলেন, নির্বাচন এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তেমনটা হলে, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর সৃষ্ট গৃহযুদ্ধের মধ্যে এটাই প্রথম ভোট দেখতে যাচ্ছে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চরম বিশৃঙ্খল অবস্থায় থাকা মিয়ানমার। 

অন্তর্বর্তী প্রেসিডেন্ট থাকার পাশাপাশি হ্লাইং দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ পদেও থাকবেন, বলেছে এমআরটিভি।

বুধবার মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত খবরের কাগজ মিয়ানমা আলিন দেশটিতে নতুন একটি কঠোর নির্বাচনী আইন কার্যকর হওয়ার কথাও জানিয়েছে। 

এতে নির্বাচনের বিরোধিতা বা নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টিতে তিন বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড, এমনকী কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুদণ্ডের মতো শাস্তিরও বিধান রাখা হয়েছে, জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থা।

ক্ষমতাসীন জান্তা গত কয়েক মাস ধরে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে নির্বাচন আয়োজনের তোড়জোড় দেখালেও বিরোধী বিভিন্ন পক্ষ ও বিদ্রোহী গোষ্ঠীরা এই নির্বাচনে অংশ নেবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাদের কেউ কেউ নির্বাচন বানচালের আগাম ঘোষণাও দিয়ে রেখেছে।