১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এপস্টাইনের সঙ্গে আলোচনাকে ‘মূল্যবান’ বলেছিলেন চমস্কি, জানাল নতুন ইমেইল

দেড় সপ্তাহ আগে প্রকাশিত ওই ইমেইলগুলোতে চমস্কির সঙ্গে এপস্টাইনের বহু বছরের ‘নিয়মিত যোগাযোগের’ বিষয়টি ফুটে উঠেছে।

এপস্টাইনের সঙ্গে আলোচনাকে ‘মূল্যবান’ বলেছিলেন চমস্কি, জানাল নতুন ইমেইল
জেফ্রি এপস্টাইন ও নোম চমস্কি। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

কুখ্যাত শিশু নিপীড়নকারী প্রয়াত জেফ্রি এপস্টাইনের সঙ্গে দার্শনিক নোম চমস্কির সম্পর্কের বিষয়টি ফের সামনে এনেছে মার্কিন কংগ্রেসের প্রকাশিত ইমেইল।

গত ১২ নভেম্বর প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটি এপস্টাইন সংক্রান্ত যেসব ইমেইল প্রকাশ করেছে তাতে এপস্টাইনের প্রতি ৯৬ বছর বয়সী চমস্কির যে সস্নেহ দৃষ্টি ছিল তারেই ইঙ্গিত মিলেছে। 

একজায়গায় চমস্কি যৌন অপরাধে দোষী সাব্যস্ত এপস্টাইনের সঙ্গে আলোচনাকে ‘খুবই মূল্যবান অভিজ্ঞতা’ বলে তারিফও করেছেন, জানিয়েছে এনডিটিভি। 

দেড় সপ্তাহ আগে প্রকাশিত ওই ইমেইলগুলোতে চমস্কির সঙ্গে এপস্টাইনের বহু বছরের ‘নিয়মিত যোগাযোগের’ বিষয়টি ফুটে উঠেছে।

প্রকাশিত নথিগুলোর মধ্যে তারিখবিহীন একটি চিঠিও পাওয়া গেছে, যেখানে চমস্কির টাইম করা স্বাক্ষর আছে এবং যেখানে তার পরিচয় লেখা হয়েছে আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ‘সম্মানিত অধ্যাপক’। চমস্কি ২০১৭ সালে এ পদ পেয়েছিলেন।

এতে চমস্কি লিখেছেন, এপস্টাইনের সঙ্গে তার ‘নানান বিষয় নিয়ে অনেক দীর্ঘ ও প্রায়শই গভীর আলোচনা হয়েছে’। 

“যা আমার জন্য খুবই মূল্যবান অভিজ্ঞতা,” বলেছেন তিনি।

চিঠিতে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে কাজ করে তা বোঝানোয় এপস্টাইনের প্রশংসাও করা হয়েছে।

“এমনভাবে তিনি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপর কার্যক্রম ব্যাখ্যা করেছেন যা ব্যবসায়িক গণমাধ্যম ও পেশাদার জার্নালগুলোতেও পাওয়া যায় না,” বলা হয়েছে চিঠিতে। এতে বিপুল সংখ্যক প্রভাবশালী লোকের সঙ্গে এপস্টাইনের যোগাযোগের বিষয়টিও উঠে এসেছে, বলেছে গার্ডিয়ান।

এ বিষয়ে উদাহরণ টানতে গিয়ে চিঠিতে তাদের দুজনের মধ্যে অসলো চুক্তি নিয়ে এক আলোচনার প্রসঙ্গও এসেছে যেখানে এপস্টাইন তাৎক্ষণিকভাবে নরওয়ের কূটনীতিককে ফোন দিয়েছিলেন, যা ‘খোলামেলা আলোচনার’ সুযোগ করে দিয়েছিল। 

চমস্কি আরও বলেছেন, এপস্টাইন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে বৈঠক করারও সুযোগ করে দিয়েছিলেন তাকে। বারাককে নিয়ে চমস্কি গবেষণা করেছেন, তাকে নিয়ে লিখেছেনও। 

প্রকাশিত নথিগুলোতে আরও দেখা গেছে, এপস্টাইন ২০১৫ সালে চমস্কিকে তার নিউ ইয়র্ক ও নিউ মেক্সিকোর বাড়ি ব্যবহারের প্রস্তাবও দিয়েছিলেন। তবে চমস্কি সেসব প্রস্তাব গ্রহণ করেছিলেন কিনা নথিতে তা স্পষ্ট হওয়া যাুয়নি। 

সুপরিচিত এই দার্শনিক আগেই জানিয়েছিলেন তিনি প্রথম বিয়ের সময়কার যৌথ তহবিল ভাগ-বাটোয়ারাজনিত সঙ্কট নিরসনের সময় এপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যাংক হিসাব থেকে ২ লাখ ৭০ হাজার ডলার অর্থ নিয়েছিলেন। তবে ওই অর্থের ‘এক পয়সাও’ সরাসরি এপস্টাইনের কাছ থেকে আসেনি বলেু তার জোর দাবি। 

প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের প্রকাশিত এক ইমেইলে চমস্কির স্ত্রী ২০১৭ সালে এপস্টাইনের জন্মদিনের অনুষ্ঠানে যেতে না পারায় তার কাছে দুঃখপ্রকাশ করেছেন বলে দেখা গেছে। চমস্কি ও তিনি দ্রুতই তার সঙ্গে দেখা করবেন বলেও সেখানে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল।

এপস্টাইন ফাইলস প্রকাশের বিলে ট্রাম্পের স্বাক্ষর