খারকিভে পরিস্থিতির ‘গুরুতর অবনতি’, কয়েকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে রাশিয়া কয়েকটি গ্রাম দখলের দাবি করার পর ইউক্রেইন খারকিভ পরিস্থিতি খারাপ বলে জানিয়েছে।
ইউক্রেইনের উত্তরাঞ্চলে খারকিভ অঞ্চলের পরিস্থিতির ‘গুরুতর অবনতি’ হয়েছে বলে সতর্ক করেছে ইউক্রেইন। সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে রাশিয়া কয়েকটি গ্রাম দখলের দাবি করার পর ইউক্রেইন এই সতর্কবার্তা দিল।
রোববার রাশিয়া বলেছে, তারা এ সপ্তাহান্তে মোট ৯ টি গ্রাম দখল করেছে। অপরদিকে ইউক্রেইন বলছে, লড়াই চলছে এবং তারা রুশ বাহিনীর হামলা প্রতিহত করছে।
পরিস্থিতি খারাপ হওয়ায় ওইসব অঞ্চল থেকে কয়েকশ বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে ইউক্রেইন।
বিবিসি জানায়, খারকিভ অঞ্চলের সীমান্তে রাশিয়া সম্প্রতি কয়েকদিনে বেশ অগ্রগতি অর্জন করেছে। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে আছে ভোভচানস্ক শহর।
রুশ সেনারা এরই মধ্যে শহরটির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে খবর এসেছে। ইউক্রেইনের বিশেষ নজরদারি সেনা ইউনিটের কমান্ডার ডেনিস বলেছেন, রাশিয়ার সেনাদের কাছে শিগগিরই এ শহরের পতন হবে বলে আশঙ্কায় আছেন তিনি।
সিএনএন এর খবরে বলা হয়েছে, রাশিয়া সীমান্ত এলাকায় গত শুক্রবার থেকে আকষ্মিক হামলা শুরু করেছে। ইউক্রেইনের উত্তরাঞ্চলে তারা দুটো হামলা চালিয়েছে। একে রাশিয়ার পাল্টা হামলার নতুন আরেক ঢেউ বলে অভিহিত করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
খারকিভে রুশ বাহিনী কী লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটি এখনও পরিষ্কার নয়। হয়ত রাশিয়ার ভূখন্ডে ইউক্রেইনের হামলা কমাতে একটি বাফার জোন তৈরির চেষ্টা করছে মস্কো কিংবা কিইভের ইতোমধ্যেই শক্তি কমে আসা বাহিনীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন একটি সেনাদল কয়েকটি গ্রাম মুক্ত করেছে।
ইউক্রেইনের সেনাপ্রধান ওলেক্সান্দার স্রেসকি রোববার সিএনএন-কে জানিয়েছেন, “এ সপ্তাহে সেখানকার পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে। তবে তাদর প্রতিরোধ অভিযান অব্যাহত রয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় লড়াই হচ্ছে।”
খারকিভে রাশিয়া লড়াইয়ে অগ্রসর হতে সব ধরনের কৌশল অবলম্বন করেছে। ইউক্রেইনের গ্রাম ও শহরগুলোকে তারা গুঁড়িয়ে দিচ্ছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, খারকিভে প্রতি ঘন্টায় রাশিয়া প্রায় ৫০ থেকে ৬০ টি গোলা ছুড়ছে। রুশ জঙ্গিবিমান থেকে অন্যান্য বোমাও ছোড়া হচ্ছে।
