২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পিটিআই’য়ের বিক্ষোভ কর্মসূচি, ১৪৪ ধারার মধ্যে ইমরানের সাক্ষাৎ পেলেন বোন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন উজমা খানমকে তার সঙ্গে দেখা করতে দিয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ।

পাকিস্তানে পিটিআই’য়ের বিক্ষোভ কর্মসূচি, ১৪৪ ধারার মধ্যে ইমরানের সাক্ষাৎ পেলেন বোন
ইমরান খান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

পাকিস্তানে জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

এই বিক্ষোভের আগে দুই জায়গাতেই আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা নিতে ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, পাঁচ জনের বেশি মানুষের জমায়েত কাথাও করা যাবে না।

কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিটিআই নেতা-কর্মীদের বিক্ষোভে নামার অটল সিদ্ধান্তের মধ্যেই মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানের বোন উজমা খানমকে তার সঙ্গে দেখা করতে দিয়েছে।

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, উজমা খানম ভাইয়ের সঙ্গে দেখাা করতে জেলের ভেতরে গিয়েছিলেন। আর সেই সময় তার সঙ্গে আসা বেশ কয়েকজন পিটিআই সমর্থক আদিয়ালা জেলের বাইরে অপেক্ষায় ছিলেন।

পিটিআই’য়ের নেতাকর্মীরা ইমরান খানের সঙ্গে দেখা করার অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে জড়ো হন।

দলটির অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবার এবং দলের কোনও নেতাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এতে ইমরানের শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান নিয়ে পরিবার ও দল থেকে উদ্বেগও প্রকাশ করা হয়।

ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এমনকি তিনি বেঁচে আছেন কি না, তা নিয়েও সংশয় দেখা দেয়। ইমরান খানের ছেলেরাও বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পিটিআই-এর বক্তব্য, গত মার্চে ইসলামাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে, সপ্তাহে দু’দিন জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করা যাবে। কিন্তু সেই নির্দেশ লঙ্ঘিত হচ্ছে। আদালতও এ বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না।

 তাই ইসলামাবাদ হাই কোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করে ইমরানের দল। কয়েক সপ্তাহ ধরে ইমরানের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে তার বোন উজমাকে দেখা করতে দেওয়া হয়েছে বলে খবর এল।

 ২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। ইমরানের সঙ্গে দেথা করার আর্জি জানিয়ে ইসলামাবাদ হাই কোর্টেও গেছেন তার বোন আলিমা খান।

ইমরানের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির এক মামলায় তাকে ও তার স্ত্রীকে যথাক্রমে ১৪ ও ৭ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে ইমরান তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন।