২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক দশক পর গাজা থেকে মুক্ত ইয়াজিদি নারী

২০১৪ সালে আইএস এর অভিযানে পাঁচ হাজারেরও বেশি ইয়াজিদি ধর্মানুসারী নিহত এবং কয়েক হাজার জন অপহৃত হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 03:24 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

এক দশক আগে ইরাকে ইসলামিক স্টেট (আ াইএস) জঙ্গিদের হাতে অপহৃত ২১ বছর বয়সী এক তরুণীকে চলতি সপ্তাহে গাজা থেকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েক মাসের গোপন অভিযানে এই নারী মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স জানায়, এই নারী প্রাচীন ইয়াজিদি ধর্মের অনুসারী। এই ধর্মের মানুষেরা সাধারণত ইরাক ও সিরিয়ায় বাস করেন।

২০১৪ সালে আইএস অভিযানে পাঁচ হাজারেরও বেশি ইয়াজিদি ধর্মানুসারী নিহত এবং কয়েক হাজার জন অপহৃত হয়েছিল। ওই হত্যাকান্ডকে জাতিসংঘ গণহত্যা বলে অভিহিত করেছে।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর চিফ অব স্টাফ সিলওয়ান সিনজারি রয়টার্সকে বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সৃষ্ট কঠিন নিরাপত্তা পরিস্থিতির কারণে বেশ কয়েকবার প্রচেষ্টার পর তাকে মুক্ত করা সম্ভব হয়েছে। 

মুক্তি পাওয়া তরুণীর নাম ফাওজিয়া সিদো। তাকে মুক্ত করার অভিযানে জড়িত ছিল ইসরায়েল এবং ইরাকও। যদিও মুক্তির পর তরুণীর বর্তমান অবস্থান জানতে রয়টার্স ওই নারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি। 

তবে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, সিদো এখন উত্তর ইরাকে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। 

ইরাকি কর্মকর্তারা কয়েক মাস ধরে ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। মার্কিন কর্মকর্তাদের কাছে তার অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে উদ্ধার কাজে সাহায্য করেছিলেন। 

রয়টার্স জানায়, ইসরায়েল ও ইরাকের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সিদোকে মুক্ত করার অভিযানে তারা জেরুজালেমে মার্কিন দূতাবাস এবং 'অন্যান্য আন্তর্জাতিক অভিনেতাদের' সঙ্গে সমন্বয় করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, গাজা যুদ্ধের সময় তার অপহরণকারী সম্ভবত ইসরায়েলি হামলায় নিহত হয় এবং এরপর সিদো গাজার ভেতরে একটি গোপন আস্তানায় পালিয়ে যাযন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, গাজা থেকে এক ইয়াজিদি তরুণীকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।

ওই মুখপাত্র জানান, ১১ বছর বয়সে সিদোকে ইরাকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়। পরে তাকে বিক্রি করে গাজায় পাচার করা হয়। 

সম্প্রতি তার অপহরণকারী হামলায় নিহত হয়েছেন, ফলে তিনি পালিয়ে গিয়ে দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর চিফ অব স্টাফ সিলওয়ান সিনজারি বলেন, সিদোর শারীরিক অবস্থা ভালো ছিল, কিন্তু বন্দিদশায় থাকার সময় এবং গাজার অমানবিক হামলা পরিস্থিতি দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ইরাকের সিনজার অঞ্চল থেকে ইসলামিক স্টেট জঙ্গিরা ছয় হাজারেরও বেশি ইয়াজিদিকে আটক করেছিল। 

ইরাক কর্তৃপক্ষের মতে, কয়েক বছর ধরে ৩,৫০০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হলেও, এখনও প্রায় ২,৬০০ জন নিখোঁজ রয়েছে।

অনেকের মৃত্যুর আশঙ্কা করা হলেও ইয়াজিদি অধিকারকর্মীরা বলছেন, শত শত মানুষ এখনও বেঁচে আছেন বলে তাদের ধারণা।