ইউক্রেইন যুদ্ধ বিষয়ক নীতিতে ‘বড় ধরনের পরিবর্তন’ আনছেন ট্রাম্প
ট্রাম্প রাশিয়ার ওপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এমনটি করা হলে তা নিষেধাজ্ঞা নীতির বড় ধরনের একটি পরিবর্তন হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেইনকে নতুন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন, পাশাপাশি রাশিয়া একটি শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত দেশটির তেলের ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।
প্রতিবেশী ইউক্রেইনে রাশিয়ার চলমান আক্রমণে হতাশ হয়ে ট্রাম্প মস্কো-কিইভ বিষয়ক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছেন বলে রয়টার্স লিখেছে।
তবে ট্রাম্প নিষেধাজ্ঞার হুমকি দিলেও এখনই তা আরোপ করছেন না, ৫০ দিনের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাশিয়ায় বিনিয়োগকারীরা, যেখানে রুবল আগের ক্ষতি কাটিয়ে উঠেছে আর স্টক মার্কেট চাঙ্গা হয়ে উঠেছে।
সোমবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরে নেটো সামরিক জোটের মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশ আর শত শত কোটি ডলারের মার্কিন অস্ত্র ইউক্রেইনে যাবে।
“আমরা সেরা মানের অস্ত্র তৈরি করতে যাচ্ছি, সেগুলো নেটোতে পাঠানো হবে,” বলেছেন তিনি। ওয়াশিংটনের নেটো মিত্ররা এসব অস্ত্রের মূল্য পরিশোধ করবে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, এইসব অস্ত্রের মধ্যে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়টও থাকবে ইউক্রেইন যেগুলোর জন্য জরুরিভাবে তাগাদা দিচ্ছে।
“এগুলো ব্যাটারিসহ পরিপূর্ণ হবে। কয়েকদিনের মধ্যেই কিছু আমাদের হাতে আসতে যাচ্ছে,” বলেন তিনি।
“আমাদের একটি দেশ আছে যাদের কাছে থাকা ১৭টি প্যাট্রিয়ট সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই ১৭টিই যাবে বা ১৭টির বড় একটি অংশ যুদ্ধক্ষেত্রে যাবে তা নিয়ে একটি চুক্তি করতে কাজ করতে যাচ্ছি আমরা।”
রুটে জানিয়েছেন, জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডা, সবাই ইউক্রেইনকে ফের অস্ত্র সজ্জিত করার প্রক্রিয়ার অংশ হতে চায়।
ট্রাম্প রাশিয়ার ওপর তথাকথিত দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদি এটি আরোপ করা হয় তাহলে তা পশ্চিমা নিষেধাজ্ঞা নীতির বড় ধরনের একটি পরিবর্তন হবে। যুক্তরাষ্ট্রের দুটি রাজনৈতিক দলের আইনপ্রণেতারাই এ ধরনের একটি প্রস্তাবের জন্য চাপ সৃষ্টি করছে যেখানে এসব পদক্ষেপের অনুমোদন দেওয়া থাকবে। এমনটি হলে রাশিয়ার তেল আমদানিকারী অন্য দেশগুলো নিষেধাজ্ঞার লক্ষ্যস্থল হবে।
ইউক্রেইন যুদ্ধের তিন বছরেরও বেশি সময়ের মধ্যে পশ্চিমা দেশগুলো মস্কোর সঙ্গে তাদের নিজেদের বাণিজ্যিক সম্পর্কের অধিকাংশই বন্ধ করে দিয়েছে। কিন্তু অন্য দেশে রাশিয়ার তেল বিক্রির ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা থেকে বিরত থেকেছে। এর ফলে মস্কো চীন ও ভারতের মতো ক্রেতা দেশগুলোতে তেল রপ্তানি করে শত শত কোটি ডলার আয় করা অব্যাহত রেখেছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম অ্যাপে জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ‘ইউক্রেইনকে সমর্থন করতে প্রস্তুতির জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন’।
আরও পড়ুন:
