২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় বাঁধ ভেঙে নিহত ৪২

কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি গ্রামে এ দুর্যোগে ভেসে গেছে বাড়িঘর, বিচ্ছিন্ন হয়েছে রাস্তাঘাট। উদ্ধার হওয়া ৪২ মৃতদেহের ১৭ টিই শিশু।

কেনিয়ায় বাঁধ ভেঙে নিহত ৪২
ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 06:17 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

কেনিয়ায় ভারি বৃষ্টিপাত ও বন্যায় বাঁধ ভেঙে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কেনিয়ার পশ্চিমাঞ্চলে কামুছিরি গ্রামে এ দুর্যোগে ভেসে গেছে বাড়িঘর। বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাঘাট।

স্থানীয় নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা ৪২ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। কাদামাটির মধ্যে আরও অনেকে চাপা পড়ে আছে বলে জানান তিনি।

রাজধানী নাইরোবি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে  ছোট্ট শহর মাই মাহিয়ুর কাছের গ্রামটিতে উদ্ধারকারী দল কাদামাটি খুঁড়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত উদ্ধার হওয়া ৪২ টি মৃতদেহের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি-কে স্থানীয় এক অধিবাসী বলেন, “পুরোনো কিজাবে বাঁধ থেকে প্রবল বেগে পানি বেরিয়ে এসে বহু বাড়ি-গাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। মাই মাহিয়ুতে আমাদের জন্মের পর থেকে এমন বিপর্যয়কর বন্যা আর দেখিনি। বহু মানুষ এখনও নিখোঁজ।”

গত মাসেও কেনিয়ার বন্যায় বিপর্যস্ত কয়েকটি এলাকায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। 

আগামী দিনগুলোতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সেকারণে, সরকার কেনিয়াজুড়ে স্কুলগুলো দেরিতে খোলার সিদ্ধান্ত নিয়েছে।

বন্যায় ১৩০,০০০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আরও বহু মানুষ স্কুলগুলোতে আশ্রয় নিয়ে আছে।

তাঞ্জানিয়া এবং বুরুন্ডিতেও ভারি বৃষ্টিপাত হচ্ছে। তাঞ্জানিয়ায় জানুয়ারি থেকে অন্তত ১৫৫ জন নিহত হয়েছে। আর বুরুন্ডিতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ লাখ মানুষ।