০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

লাতাকিয়া প্রদেশে হাফিজ আল-আসাদের আদি জন্মশহরে তার জ্বলন্ত সমাধির পাশে বিদ্রোহী যোদ্ধাদেরকে দাঁড়িয়ে থাকতে গেছে কয়েকটি ছবিতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে হাফিজ আল-আসাদের আদি জন্মশহর কারদাহায় বুধবার এ ঘটনা ঘটে।

কয়েকটি ছবিতে বিদ্রোহী যোদ্ধাদেরকে হাফিজ আল-আসাদের জ্বলন্ত সমাধির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। কয়েকজন তরুণও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এ দৃশ্য।

আল-জাজিরা জানায়, হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার শাসনক্ষমতায় ছিলেন। হাফিজের মৃত্যুর পর শাসনক্ষমতা নিয়েছিলেন তার ছেলে বাশার আল-আসাদ। 

সম্প্রতি বিদ্রোহীদের ১২ দিনের ঝড়ো আক্রমণের মুখে পতন হওয়ার আগ পর্যন্ত ২৪ বছর বাশার আল-আসাদ সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তার বাবা হাফিজ আল-আসাদ জনগণের ওপর কঠোর শাসন জারি রেখেছিলেন। 

ছেলে বাশার আল-আসাদও বাবার মতোই দেশ শাসনে কঠোর নীতি অনুসরণ করে জনপ্রিয়তা হারিয়েছিলেন। 

গত রোববার বিদ্রোহীদের আক্রমণের মুখে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মাধ্যমে তার দুই যুগের শাসনামলের অবসান ঘটে। 

বিদ্রোহীরা এরই মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্রিয়া শুরু করেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল-বশিরকে।

তিনি বাশার সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম পরিচালিত সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান ছিলেন।