ভূমিকম্প দুর্গতদের জন্য `অর্থ পাঠান, পুরাতন কাপড় নয়'
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে উদ্ধার কাজ পরিচালনা করা দাতব্য সংস্থা হোয়াইট হেলমেট তাদের তহবিল ফুরিয়ে আসার কথা জানিয়েছে।
সবারই তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়াতে, সাহায্যের হাত বাড়াতে ইচ্ছা কারছে। সেই সাহায্য হিসেবে পুরাতন কাপড় নয় বরং অর্থ দানের অনুরোধ করেছেন একজন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।
বিবিসিকে অধ্যাপক লুসি ইস্টহোপ বলেন, ‘‘লোকজন ভূমিকম্প দুর্গতদের জন্য সবথেকে অদরকারী জিনিস পাঠানোর চেষ্টা করছে।
‘‘লোকজন পুরাতন জাম্পার এবং এমনসব জিনিসপত্র দিয়ে মিনিবাস ভরছে যেগুলো তারা মূলত তাদের বাড়ির স্টোররুম থেকে সরিয়ে ফেলতে চাইছে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে সাহায্যকারী জিনিস হচ্ছে অর্থ। সেখানে অনেক বেসরকারি সংস্থা, দাতব্য সংস্থা এবং সরকারি সংস্থা কাজ করছে। যাদের সবারই কাজ চালিয়ে যেতে অর্থের প্রয়োজন।”
অর্থ শুধু এই মুহূর্তের জন্য নয় বরং সামনের বছরগুলোতে কাজ চালিয়ে যেতে প্রয়োজন হবে বলেও জানান তিনি। বলেন, ‘‘আমি কঠিন হতে চাইছি না বা মানুষের সদিচ্ছাকে দমন করার চেষ্টা করছি না। কিন্তু লোকজন যেসব পণ্য দান করছে, আমি সেগুলো দেখে যথেষ্ট খুশিও হতে পারছি না। আমি এটা নিয়ে অনেকবার টুইট করেছি। অদরকারী দান কতটা অকাজের।”
গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরইমধ্যে দুই দেশ মিলিয়ে ১১ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
