Published : 24 Jun 2025, 12:55 PM
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত চারজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধ অবসানে ‘পূর্ণ অস্ত্রবিরতির’ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তারা তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ছয়টি ঢেউ ইসরায়েলে অভিমুখে ধেয়ে আসে আর এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিরশেবা শহরের একাংশ ধসে পড়া ভবনটিতে জরুরি পরিষেবার কর্মীদের উদ্ধার তৎপরতা
ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিরশেবা শহরের এক ভবনে আঘাত হেনেছে আর তাতে অন্তত চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির একাংশ ধসে পড়েছে।
সোমবার রাতে ট্রাম্প ‘অস্ত্রবিরতির’ ঘোষণা দেওয়ার পর থেকে এই প্রথম ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে মৃত্যুর ঘটনা ঘটল।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ও ইরান যে কোনো চলমান অভিযান সম্পন্ন করার জন্য কিছুটা সময় নেবে আর তারপর থেকে পর্যায় ভিত্তিক প্রক্রিয়ায় অস্ত্রবিরতি শুরু হবে, ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার সকালে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আগের কয়েক ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারে আঘাত হেনেছে। এ দিন সকালে এসব লঞ্চার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত হয়ে ছিল বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।
তবে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে না হামলা চলার সময়টিতেই ইসরায়েলি বিমান বাহিনী ওই আঘাত হেনেছে তা পরিষ্কার হয়নি।
ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা এসএনএন মঙ্গলবার জানিয়েছে, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার আগে তেহরান তাদের শেষ রাউন্ড ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
যুদ্ধ শেষ করতে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল: ট্রাম্প
ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের আকাশসীমা কিছুক্ষণের জন্য বন্ধ রাখার পর ফ্লাইট চলাচলের জন্য তা আবার খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অস্ত্রবিরতি কার্যকর শুরু হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “অস্ত্রবিরতি এখন কার্যকর হয়েছে। অনুগ্রহ করে এটি লঙ্ঘন করবেন না! ডনাল্ড জে. ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।”
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি বলেছে, ইসরায়েলে শেষবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর অস্ত্রবিরতি শুরু হয়েছে।
কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হওয়ার পর থেকে অস্ত্রবিররিত বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
ইসরায়েলি এক কর্মকর্তা ওয়ালা নিউজ সাইটকে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত অস্ত্রবিরতি কার্যকর হওয়া শুরু হবে যদি উভয়পক্ষ এটি মেনে চলে।
অনামা ওই কর্মকর্তা বলেছেন, “ট্রাম্প একটি অস্ত্ররিবতি ঘোষণা করেছেন। সব পক্ষ মেনে চললে এটি পালিত হবে।”
তবে এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা অন্য কোনো জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্য কোনো বিবৃতি দিয়ে কিছু বলেননি।