১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের কোয়েটায় রেললাইনে শক্তিশালী বিস্ফোরণে নিহত অন্তত ১৪

কোয়েটার চমন ফটকের কাছে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে একটি শাটল ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।

পাকিস্তানের কোয়েটায় রেললাইনে শক্তিশালী বিস্ফোরণে নিহত অন্তত ১৪
পাকিস্তানের কোয়েটায় রেললাইনের কাছে বিস্ফোরণের পর লোকজন ও পুলিশ কর্মকর্তারা জড়ো হয়েছেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 05:02 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রেললাইনে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির সরকার।  

আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ হামলার ঘটনায় আরও ৫০ জনেরও বেশি আহত হয়েছে। বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর গুলিবর্ষণও করা হয়। 

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, রোববার সকালে কোয়েটার চমন ফটকের কাছে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে একটি শাটল ট্রেন ছিন্নভিন্ন হয়ে গেছে আর এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এপিপি রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েন্ট ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় সকাল ৮টার একটু পরে এটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিস্ফোরণটি ধরন তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।  

বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ছবি: ডন 

বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়

বিস্ফোরণের কথা নিশ্চিত করে পাকিস্তান রেলওয়ে জানিয়েছে, জরুরি অভিযানে সহায়তা করতে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রাক ও রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। 

এপিপি জানিয়েছে, বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে, দুটি বগি উল্টে গেছে। নিরাপত্তা বাহিনীগুলো তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে উদ্ধার অভিযান শুরু করে।  

গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে রেললাইনের পাশে পার্ক করে রাখা অনেকগুলো গাড়ি ধ্বংস হয়ে গেছে ও সংলগ্ন ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এর আওয়াজ শহরের প্রায় সব অংশ থেকে শোনা গেছে। 

দমকল কর্মীরা প্রাণান্ত চেষ্টার পর রেললাইনের নিকটবর্তী গাড়িগুলো ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।  

এক ভিডিওতে দেখা গেছে, এক ডজনেরও বেশি প্রাইভেট কার আগুনে পুড়ে গেছে আর গাড়িগুলো থেকে কালো ধোঁয়া উঠছে। 

পুলিশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এতে ‘বহু নিরাপরাধ মানুষের প্রাণ গেছে আর অনেকে আহত হয়েছে’ বলে মন্তব্য করেছেন তিনি। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা করেছেন।