২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা মন্ত্রণালয় বন্ধের কার্যক্রম শুরুর আদেশ ট্রাম্পের

“যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত শিক্ষায় বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি খরচ করেছে, এরপরও সফলতা বিবেচনায় দেশের শিক্ষার্থীরা তালিকার তলানির দিকে আছে,” বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

শিক্ষা মন্ত্রণালয় বন্ধের কার্যক্রম শুরুর আদেশ ট্রাম্পের
হোয়াইট হাউজের ইস্ট রুমে শিক্ষার্থী পরিবেষ্টিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিক্ষা মন্ত্রণালয় বন্ধের নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2025, 10:37 AM

Updated : 26 Aug 2026, 12:19 PM

শিক্ষা মন্ত্রণালয় পুরোপুরি বন্ধের কার্যক্রম শুরু করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

গত বছরের নির্বাচনী প্রচারে তিনি এই মন্ত্রণালয়টি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

“যত দ্রুত সম্ভব এটি বন্ধ করতে যাচ্ছি আমরা। এটি কোনো কাজেই আসছে না,” নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বৃহস্পতিবার ট্রাম্প এমনটাই বলেন বলে জানিয়েছে বিবিসি। 

ট্রাম্প অনেকদিন ধরেই এই মন্ত্রণালয়ে কাঁচি চালাতে চাইছিলেন। অনেক রক্ষণশীলও ‘মন্ত্রণালয়টির বাড়াবাড়ি’ বন্ধ করার পক্ষে। তবে এটি বিলুপ্ত বা পুরোপুরি বন্ধে কংগ্রেসের যে প্রয়োজনীয় সমর্থন লাগবে তা ট্রাম্প পাবেন না বলেই মনে হচ্ছে। 

রিপাবলিকান প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে অনেকে এরই মধ্যে আইনি লড়াইয়ে নেমেছেন; তারা মন্ত্রণালয়টি বন্ধ ও গত সপ্তাহে ঘোষিত কর্মী ছাঁটাই ঠেকাতে চেষ্টা চালাচ্ছেন। 

ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত শিক্ষায় বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি খরচ করেছে, এরপরও সফলতা বিবেচনায় দেশের শিক্ষার্থীরা তালিকার তলানির দিকে আছে।”

তার প্রশাসন আইনি সীমানার ভেতরেই মন্ত্রণালয়টির যত বেশি সংখ্যক অংশ সম্ভব বন্ধ করে দেবে, বলেছে হোয়াইট হাউজ।

ট্রাম্পের এই নির্বাহী আদেশও আইনি প্রতিবন্ধকতার মুখে পড়বে বলেই ধারণা করা হচ্ছে, যেমনটা সরকারি কর্মীবহরের আকার ছোট করে আনতে তার নেওয়া অধিকাংশ পদক্ষেপকেই পড়তে হয়েছে। 

বৃহস্পতিবার নির্বাহী আদেশ স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহনের ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানটির শেষ মন্ত্রী হিসেবে তার নামই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। লিন্ডাকে পরে প্রশাসনের অন্য কোনো দায়িত্বে রাখবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষরের পর লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর বিল কাসিদি শিক্ষা মন্ত্রণালয় বন্ধের লক্ষ্যে সেনেটে বিল আনার ঘোষণা দিয়েছেন। 

কংগ্রেসের এই উচ্চকক্ষে রিপাবলিকানরা ৫৩-৪৭ ব্যবধানে এগিয়ে থাকলেও ফেডারেল মন্ত্রণালয় বিলুপ্তে তাদের অন্তত ৬০ ভোট দরকার, যা পাওয়া আপাত দৃষ্টিতে অসম্ভব বলেই মনে হচ্ছে।    

কিন্তু যদি আনুষ্ঠানিকভাবে বন্ধও না করা যায় ট্রাম্প প্রশাসন এর অর্থায়ন ও কর্মীসংখ্যা অনেক কমিয়ে ফেলতে পারে, যেমনটা তারা বিদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা পৌঁছে দেওয়া প্রধান সংস্থা ইউএসএআইডিতে করেছে। তাদের পদক্ষেপের ফলে বিশ্বব্যাপী বেশ প্রভাবশালী ইউএসএআইডির বেশিরভাগ কর্মসূচি ও মানবিক সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 

ট্রাম্পের নির্বাহী আদেশে মন্ত্রণালয়টি নিয়ে কী করা হবে, কোন কোন কর্মসূচিতে কাঁচি চালানো হবে সে বিষয়ে বিস্তারিত কিছু নেই। কেবল মন্ত্রণালয়টি ‘বন্ধে সহযোগিতা করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে’ ও এর কিছু কিছু ক্ষমতা রাজ্য ও স্থানীয় সরকারগুলোর হাতে প্রত্যর্পণে ব্যবস্থা নিতে ম্যাকমোহনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের ঋণ দিতো এবং স্বল্প-আয়ের শিক্ষার্থীদের সহায়তায় নানান কর্মসূচি চালাতো।

এই মন্ত্রণালয় তরুণদের মাথায় বর্ণবাদী, যৌন ও রাজনৈতিক নানান বিষয়াদি ঢুকিয়ে দেয় বলে ট্রাম্প অভিযোগ করে আসছিলেন।

অনেকেই মনে করেন, কেন্দ্রীয় এই মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান চালায় এবং এর পাঠ্যক্রম ঠিক করে দেয়। কিন্তু এসবের মূল দায়িত্ব মূলত বিভিন্ন রাজ্য ও স্থানীয় জেলাগুলোর। 

প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোর জন্য অর্থের খুব সামান্য অংশ, ১৩ শতাংশের মতো আসে কেন্দ্রীয় তহবিল থেকে। সিংহভাগই দেয় রাজ্য কর্তৃপক্ষ ও স্থানীয় বিভিন্ন গোষ্ঠী। 

মার্কিন এ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মীসংখ্যা মাত্র ৪ হাজার ৪০০, এটি প্রেসিডেন্টের মন্ত্রিপরিষদের আওতায় থাকা সবচেয়ে ছোট সংস্থা, কেন্দ্রীয় বাজেটের মাত্র ২ শতাংশ এই মন্ত্রণালয়ে যায়।

ট্রাম্প প্রশাসন কেন্দ্রীয় সরকারের কর্মীবহর ছেঁটে ফেলার যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে এই মন্ত্রণালয়ের অনেক কর্মীকে অবসরে যেতে হচ্ছে বা ছাঁটাইয়ের মুখোমুখি হতে হচ্ছে, অনেককে বাধ্যতামূলক ছুটিতেও পাঠানো হয়েছে। 

শুক্রবার থেকে মন্ত্রণালয়টির প্রায় ২ হাজার ১০০ কর্মীর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। 

কর্মীবহর ও সরকারি ব্যয় কমাতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ দেখভাল করছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই), যার নেতৃত্ব দিচ্ছেন ধনকুবের ইলন মাস্ক।