১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হরমুজে আবু ধাবির তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান: আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত তেহরানকে ‘বিনা উস্কানিতে’ হামলা চালানো ও শত্রুতা বন্ধ করে জলপথটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

হরমুজে আবু ধাবির তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান: আরব আমিরাত
ওমানের মুসান্দাম থেকে দেখা হরমুজ প্রণালির কাছাকাছি থাকা জাহাজ। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 11:52 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার সময় আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। 

আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, শুক্রবার এ হামলার ঘটনাটি ঘটেছে। 

এডিএনওসি জানিয়েছে, হামলায় কেউ আহত হয়নি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

শনিবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানকে ‘বিনা উস্কানিতে’ হামলা চালানো ও শত্রুতা বন্ধ করে জলপথটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। 

এ নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। 

ইরানের ইসলামিক রেভল্যুশানি গার্ড এর আগে হুমকি দিয়ে বলেছিল, প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজ যদি তেহরানের শত্রুদের সঙ্গে সংশ্লিষ্ট হয় অথবা ইরানি নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হয় তবে তারা ওই জাহাজের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।        

এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এডিএনওসির তৃতীয় জাহাজে হামলা হলো। এর আগের হামলাগুলোর পেছনেও ইরান ছিল বলে অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের।

এডিএনওসির জাহাজে বারবার হামলার প্রেক্ষিতে আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, আবু ধাবি তার সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করবে।   

এক্স এ এক পোস্টে গারগাশ বলেছেন, “আমরা আমাদের অবাধ চলাচলের অধিকার রক্ষা করবো, পাশাপাশি আলোচনার পথ অব্যাহত রাখবো এবং কূটনৈতিক বিকল্পগুলোকে অগ্রাধিকার দেবো।”  

এর আগে পৃথকভাবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছিল, শুক্রবার হরমুজ প্রণালিতে একটি শস্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন খবর পেয়েছে তারা। তবে এডিএনওসি জাহাজে হামলার ঘটনা আর ইউকেএমটিওর জানানো ঘটনাটি একই কি না, রয়টার্স তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হতে পারেনি। 

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধ শুরুর আগে ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যকরভাবে প্রণালিটি বন্ধ করে রেখেছে আর তাতে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল বারবার বিঘ্নিত হচ্ছে। এতে মালামাল পরিবহনের খরচ অনেক বেড়ে গেছে আর নিরাপত্তা উদ্বেগ তৈরি হচ্ছে।  

এডিএনওসি আবু ধাবির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি। এটি অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও পরিশোধিত পণ্য উৎপাদন ও বিশ্বব্যাপী রপ্তানিকারী বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে অন্যতম।

আরও পড়ুন: 

'ইরান খুব দুষ্ট': মার্কিনিদের তেলের জন্য 'একটু বেশিখরচ করতে বললেন ট্রাম্প