যুদ্ধবিরতি বহাল, কূটনৈতিক অচলাবস্থার জন্য ট্রাম্পের অবরোধকে দুষছে ইরান
তেহরান ওয়াশিংটনের ‘গুন্ডামির’ কাছে মাথা নত করবে না, বলছেন ইরানি কর্মকর্তারা।
হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং শান্তি আলোচনা নিয়ে যে অচলাবস্থা বিরাজ করছে তা জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরানি কর্মকর্তারা বলেছেন, তেহরান ওয়াশিংটনের ‘গুন্ডামির’ কাছে মাথা নত করবে না।
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বুধবার বলেছেন, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ চললে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সম্ভব নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর প্রথম মন্তব্যে শান্তি আলোচনায় ইরানকে নেতৃত্ব দেওয়া কলিবফ অবরোধের কারণে ওয়াশিংটনের দাবির কাছে তেহরান ‘হার মানবে না’ বলে ইঙ্গিত দিয়েছেন।
“পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি তখনই অর্থপূর্ণ হবে, যখন তা সামুদ্রিক অবরোধ ও বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে লঙ্ঘিত হবে না এবং সব রণাঙ্গনে জায়নবাদী যুদ্ধোন্মাদনা থামবে। যুদ্ধবিরতির এ ধরনের নির্লজ্জ লঙ্ঘন চলতে থাকলে হরমুজ প্রণালি খুলে দেওয়া অসম্ভব,” এক্সে পোস্টে কলিবফ এসব বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক আগ্রাসনের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, এখন এ ধরনের গুণ্ডামির মাধ্যমেও তা পারবে না।
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পোস্টেও পাওয়া গেছে একই দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি। তিনি বলেছেন, চাপ নয়, কূটনীতিই শান্তি আলোচনার জন্য দরকার।
“ইসলামিক প্রজাতন্ত্র ইরান সংলাপ ও চুক্তিকে স্বাগত জানিয়ে আসছে, এবং এটা অব্যাহত রাখবে। প্রতিশ্রুতির লঙ্ঘন, অবরোধ ও হুমকি প্রকৃত আলোচনার জন্য মূল বাধা। বিশ্ব তোমাদের অন্তহীন কপট বাগাড়ম্বর এবং কথা-কাজে যে গরমিল তা দেখছে,” যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ কথাই বলেছেন পেজেশকিয়ান।
দুই পক্ষই বারবার বলছে, তারা যুদ্ধে ফিরতে তা প্রস্তুত। তা সত্ত্বেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির বহাল আছে। এর আগে তাদের মধ্যে ঠিক হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি মঙ্গলবার শেষ হয়।
মার্কিন অবরোধের প্রতিবাদে পাকিস্তানে নির্ধারিত আলোচনায় ইরানি কর্মকর্তারা অংশ নিচ্ছে না, এ নিশ্চিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।
জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূত আমির-সাইয়্যিদ ইরাভানি বলেছেন, আলোচনা এগিয়ে নেওয়া ক্ষেত্রে অবরোধ তোলা একটি প্রয়োজনীয় শর্ত।
যুদ্ধবিরতির এ আপেক্ষিক শান্তি বহাল থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে ইরাভানি সাংবাদিকদের বলেন, “সামরিক আগ্রাসন আমরা শুরু করিনি। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, আমরা প্রস্তুত। তারা যদি টেবিলে বসে আলোচনা ও রাজনৈতিক সমাধান বের করতে চায়, তারা দেখতে পাবে যে আমরা প্রস্তুত।”
মেয়াদ বাড়ানো এ যুদ্ধবিরতি কবে শেষ হবে এমন কোনো দিনক্ষণ ঠিক করেননি ট্রাম্প। তবে মঙ্গলবার তিনি নৌ-অবরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে বলেছিলেন, এ পদক্ষেপ ভবিষ্যৎ যে কোনো বৈঠকে তাদের সুবিধা দেবে।
“চারদিন আগে লোকজন আমার কাছে এসে বলেছিল, ‘স্যার, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে চায়, এখনি’। কিন্তু আমরা যদি তা (অবরোধ প্রত্যাহার) করি তাহলে ইরানের সঙ্গে কখনোই আমাদের কোনো চুক্তি হবে না, নাহলে আমাদেরকে তাদের দেশের বাকিটুকু, নেতাদেরসহ উড়িয়ে দিতে হবে,” সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এমনটাই লেখেন ট্রাম্প।
ইরানকে তাদের প্রস্তাব হাজির করতে ট্রাম্প তিন থেকে পাঁচ দিনের সুনির্দিষ্ট একটি সময়সীমা ঠিক করে দিয়েছেন—এমন খবর বুধবার উড়িয়ে দিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, যুদ্ধ চলবে কি বন্ধ থাকবে, কখন শুরু হবে বা কতদিন বন্ধ থাকবে, এ ধরনের সময়সূচি কেবল প্রেসিডেন্টই নির্ধারণ করেন।
নৌ-অবরোধ এবং ইরানি অর্থনীতিতে এর প্রভাব নিয়ে ট্রাম্প ‘সন্তুষ্ট’ বলেও তিনি জানান।
“ইরান যে খুবই দুর্বল অবস্থানে রয়েছে এবং এখন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে যে অনেক কার্ড রয়েছে তা তিনি বোঝেন,” সাংবাদিকদের বলেন লেভিট।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প বলেছিলেন, তিনি বিরতি দীর্ঘায়িত করতে রাজি নন। তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, সময় ফুরিয়ে আসছে, এর মধ্যে আলোচনায় রাজি না হলে ইরানের অবকাঠামোতে বড়সড় হামলারও হুমকি দেন তিনি।
কিন্তু পরে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে তিনি ওই হামলা স্থগিত রাখতে রাজি হন।
‘না যুদ্ধ, না শান্তি’
অবরোধ বহাল থাকায় এবং আলোচনার নতুন কোনো তারিখ ঠিক না হওয়ায়, যুদ্ধ যে কোনো মুহূর্তে ফের শুরু হতে পারে বলে পুরো মধ্যপ্রাচ্যজুড়েই ব্যাপক উদ্বেগ রয়েছে।
তেহরান থেকে আল জাজিরার এক প্রতিবেদক জানাচ্ছেন, ইরান এখন ‘না যুদ্ধ, না শান্তি এমন পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে।
“নিষেধাজ্ঞা আছে। অবরোধও আছে। কেউই এখন পরের সপ্তাহ বা তার পরের সপ্তাহের পরিকল্পনা করতে পারছে না। ব্যবসা প্রতিষ্ঠানগুলো যুদ্ধ কী করে শেষ হয় তার অপেক্ষায় রয়েছে,” বলেছেন প্রতিবেদন আলি হাশেম।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির কয়েক হাজার বেসামরিক এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক শীর্ষ কর্মকর্তাকে মেরে ফেলে।
এর পাল্টায় তেহরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সব সম্পদ ও স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি তারা হরমুজ প্রণালিও কার্যত বন্ধ করে দেয়, যার ধাক্কায় বিশ্বজুড়ে বাড়তে শুরু করে তেলের দাম।
গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে ইরান প্রণালিটি খুলে দিতে রাজি হয়, কিন্তু ইসরায়েলে যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে রাজি না হওয়ায় জলপথটি শেষ পর্যন্ত বন্ধই থাকে।
পাকিস্তানের ঘোষিত চুক্তিতে লেবানন যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা স্বীকার করতে রাজি হয়নি।
কিছুদিন আগে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর ইরান কিছু সময়ের জন্য হরমুজ খুলেও দিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নিতে রাজি না হওয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথটিতে নৌচলাচলে ফের বিধিনিষেধ আরোপ করে বসে তেহরান।
এই অবরোধের মধ্যে মার্কিন সামরিক বাহিনী একটি কার্গো জাহাজ ও একটি তেলের ট্যাংকার আটক করেছে।
এর পাল্টায় ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডও বুধবার দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজ আটক করেছে। বলেছে, এ নৌযান দুটো নৌ-চলাচল আইন লঙ্ঘন করেছে।
