২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের আকাশসীমা থেকে আসা ৩ ড্রোন থামানোর দাবি সৌদি আরবের

যুদ্ধবিরতির কারণে সংঘাত ব্যাপকভাবে হ্রাস পেলেও ইরাক থেকে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে ড্রোন হামলা অব্যাহত আছে।

ইরাকের আকাশসীমা থেকে আসা ৩ ড্রোন থামানোর দাবি সৌদি আরবের
প্রতিনিধিত্বশীল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 03:38 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

সৌদি আরব বলেছে, তারা ইরাকের আকাশসীমা থেকে তাদের ভূখণ্ডে প্রবেশ করা তিনটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের কোনো চেষ্টা হলে তারা প্রয়োজনীয় অভিযানের পদক্ষেপ নিয়ে জবাব দেবে। 

মালিকি আরও বলেছেন, তারা সৌদি আরবের নাগরিক ও তাদের ভূখণ্ডে বসবাসকারী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেবে। 

এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত ব্যাপকভাবে হ্রাস পেলেও ইরাক থেকে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে ড্রোন হামলা অব্যাহত আছে।  

আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবে ড্রোন হামলা চালানোর প্রচেষ্টার নিন্দা করেছে কাতার। সৌদি আরব তার সার্বভৌমত্ব, নাগরিক ও বাসিন্দাদের রক্ষা করার যে উদ্যোগ নিয়েছে কাতার তার প্রতি সমর্থন জানিয়েছে। 

পৃথক পৃথক বিবৃতিতে সৌদি আরবকে ড্রোন হামলার লক্ষ্যস্থল বানানোর তীব্র নিন্দা করেছে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডান। 

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউইও সৌদি আরবের চালানো ড্রোন হামলা প্রচেষ্টার নিন্দা করেছেন। সৌদি আরবের নিরাপত্তা আঞ্চলিক জোটটির বৃহত্তর নিরাপত্তার ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন তিনি।