সকাল থেকে ইসরায়েলের দিকে ৩৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই বাধা দিয়ে ধ্বংস করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের হামলা শুরু করার পর শনিবার সকাল থেকে ইসরায়েলের উদ্দেশ্যে প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
ইসরায়েলি সামরিক বাহিনী তাদের প্রাথমিক মূল্যায়নে এমনটি জানিয়েছে বলে খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই বাধা দিয়ে ধ্বংস করেছে আর অন্যগুলো খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসে পড়ছে আর পাশাপাশি প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও পড়ছে আর তাতে ক্ষয়ক্ষতি হচ্ছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি নয়তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন সামান্য আহত হয়েছে বলে ইসরায়েলি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন আরেক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর সেটি তারা শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছে আর ওই অঞ্চলগুলোতে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।
আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে নামানোর জন্য কাজ করছে তারা।
ইসরায়েল থেকে পাওয়া খবরের সূত্রে জানা গেছে, অন্ততপক্ষে পাঁচ থেকে ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।
