২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টা আঘাত হানার তীব্র চাপে পড়বেন ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন, তেহরানের যে কোনও পাল্টা হামলার জবাব আরও বেশি শক্তি দিয়ে দেওয়া হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 01:38 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

কাতার থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার একের পর এক খবর আসছে। আর এর মাঝেই হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এই রুম থেকেই তারা কাতারের উদেইদ ঘাঁটিতে ইরানের হামলার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ১০ দিন আগে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রায় প্রতিদিনই বৈঠক করে আসছে।

এবারের বৈঠকে প্রাধান্য পাচ্ছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি এবং গোটা মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অগ্রবর্তী সদরদপ্তর।

মাত্র কয়েক দিন আগেই স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছিল কয়েক ডজন যুদ্ধবিমান এই ঘাঁটির টারমাক থেকে সরিয়ে নেওয়ার দৃশ্য। ইরানের পারমাণবিক স্থাপনায় সপ্তাহান্তের মার্কিন হামলার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই যুদ্ধবিমানগুলো সরানো হয়।

গত মে মাসে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই ঘাঁটি পরিদর্শন করেছিলেন। তখন সেনাদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেছিলেন,  “প্রেসিডেন্ট হিসেবে আমার অগ্রাধিকার হল- সংঘাতের অবসান ঘটানো, নতুন সংঘাত শুরু করা নয়।

“তবে যুক্তরাষ্ট্র বা আমাদের অংশীদারদেরকে রক্ষায় প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে আমি কখনও পিছপা হব না।”

 আবার ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ট্রাম্প বলেছিলেন, তেহরানের যে কোনও পাল্টা হামলার জবাব আরও বেশি শক্তি দিয়ে দেওয়া হবে।”

 এখন পর্যন্ত হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলেই মনে হচ্ছে। তবুও ট্রাম্প এখন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার তীব্র চাপের মুখে পড়বেন। তাকে হামলা চালিয়ে প্রমাণ করতে হবে যে, তার হুমকি কোনও ফাঁকা বুলি নয়।