১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অক্টোবর থেকে ট্রাম্পের সঙ্গে কথা হয়নি’, দাবি ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদোর

ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকে এটিই মাচাদোর প্রথম কোনো সাক্ষাৎকার।

‘অক্টোবর থেকে ট্রাম্পের সঙ্গে কথা হয়নি’, দাবি ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদোর
ভেনেজুয়েলার প্রধান বিরোধীদলীয় নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 03:54 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, গত বছরের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো কথা হয়নি। 

সোমবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

গত শনিবার ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এটিই মাচাদোর প্রথম কোনো সাক্ষাৎকার।

মাচাদো বলেন, “প্রকৃতপক্ষে, গত ১০ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ঘোষণার দিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছিল। কিন্তু এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।”

মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন ট্রাম্পের একটি মন্তব্য মাচাদোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। গত শনিবার ট্রাম্প মাচাদোর সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, “দেশের ভেতরে তার (মাচাদোর) প্রতি কোনো সমর্থন বা শ্রদ্ধা নেই।”

তবে ট্রাম্পের এমন মন্তব্য সত্ত্বেও মার্কিন অভিযানকে স্বাগত জানিয়েছেন মাচাদো। তিনি একে ‘মানবতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদার জন্য একটি বিশাল পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন।

ভেনেজুয়েলার একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নরওয়েজীয় নোবেল কমিটি মাচাদোকে গত বছর শান্তিতে নোবেলে পুরস্কার দেয়। বর্তমানে দেশান্তরী এই নেত্রী জানান, তিনি যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “আমি যত দ্রুত সম্ভব বাড়ি ফেরার পরিকল্পনা করছি।” 

গত মাসে নোবেল পুরস্কার নিতে নরওয়ে যাওয়ার পর নিরাপত্তা শঙ্কায় তিনি আর ভেনেজুয়েলায় ফেরেননি।