১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজায় রাস্তার পাশে পেতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুন এলাকায় ঘটনাটি ঘটেছে বলে ঘোষণা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) ।

গাজায় রাস্তার পাশে পেতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪
গাজায় রাস্তার পাশে পাতা বোমার বিস্ফোরণে নিহত পাঁচ ইসরায়েলি সেনা। ছবি: আইডিএফ/টাইমস অব ইসরায়েল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ ছিটমহল গাজায় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত ও আরও ১৪ জন আহত হয়েছেন। 

সোমবার রাতে গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুন এলাকায় ঘটনাটি ঘটেছে বলে মঙ্গলবার সকালে ঘোষণা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) ।  

আহত ১৪ সেনার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে আইডিএফের বরাতে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। 

আইডিএফের দেওয়া তথ্য বলছে, বেইত হানুনে স্থল অভিযান চলার সময় তাদের পদাতিক বাহিনীর ওই সেনাদের লক্ষ্যস্থল করে রাস্তার পাশে পেতে রাখা দূরনিয়ন্ত্রিত তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়, একটার পর আরেকটা। হামাসের যোদ্ধারাই এসব বিস্ফোরণ ঘটিয়েছে। ওই সেনারা হেঁটে অগ্রসর হচ্ছিলেন, কোনো গাড়ির ভেতরে ছিলেন না।  

তদন্তে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় বোমার আঘাতেই অধিকাংশ সেনা হতাহত হয়েছেন। প্রথম বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা আঘাত পাওয়ার পর তাদের সাহায্য করার জন্য অন্য সেনারা এগিয়ে এলে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। 

তৃতীয় বোমাটি বিস্ফোরিত হওয়ার পর হামাসের যোদ্ধাদের একটি সেল ইসরায়েলি সেনাদের ওপর গুলিবর্ষণ করে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিশ্বাস, হামাসের এই সেলটিই পূর্ববর্তী ২৪ ঘণ্টার মধ্যে এই বোমাগুলো পেতে রেখেছিল। 

বেইত হানুন এলাকায় আত্মগোপন করে থাকা হামাস যোদ্ধাদের খোঁজে সেখানে অভিযান চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী। বাহিনীটি জানায়, তাদের পদাতিক সেনারা সেখানে অভিযান চালানোর আগে শহরটিতে বিমান হামলা চালানো হয়েছিল। 

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার উত্তর সীমান্তবর্তী বেইত হানুনে বহুবার অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী। প্রত্যেকবার অভিযান চালিয়ে শহরটির দখল নেওয়ার কয়েক সপ্তাহ সেখান থেকে সেনা প্রত্যাহার করে আসছিল তারা।  

ইসরায়েলি সেনাবাহিনীর যে ইউনিটটি হামলার শিকার হয়েছে এটি ১৯৯৯ সালে মূলত কট্টরপন্থি ইহুদি সেনাদের নিয়ে গঠন করা হয়। নিহত সেনাদের সবার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। 

হামলার শিকার হওয়ার পর হতাহত সেনাদের হামাসের যোদ্ধারা যেন নিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে সেখানে বিমান বাহিনীর ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান পাঠায় আইডিএফ। দেড় ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী ঘটনাস্থল থেকে তাদের সব হতাহত সেনাকে সরিয়ে নেয়।  

এই নিয়ে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৪৪৯ জনে দাঁড়িয়েছে।