২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি নিয়ে পোপের হুঁশিয়ারি

ইউক্রেইনের জেপোরোজিয়া বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের জন্য রাশিয়া ও ইউক্রেইন একে অপরকে দোষারোপ করে আসছে।

রয়টার্স

Published : 24 Aug 2022, 06:53 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

ইউক্রেইন যুদ্ধ অবসান এবং জেপোরোজিয়া বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে ‘বাস্তবিক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

বুধবার এ আহ্বান জানান তিনি। ওদিকে, মঙ্গলবার জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ বলেছে, আলোচনা সফল হলে রাশিয়ার দখল করা ইউক্রেইনীয় ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কয়েক দিনের মধ্যেই পরিদর্শনে যাবে তারা।

কেন্দ্রটিতে গোলাবর্ষণের জন্য রাশিয়া ও ইউক্রেইন একে অপরকে দোষারোপ করে আসছে। জেপোরোজিয়া ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর মার্চেই বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নেয় রুশ বাহিনী। জাতিসংঘ ওই এলাকাকে অসামরিক জোন ঘোষণার আহ্বান জানিয়েছে।

পোপ ফ্রান্সিস বুধবার তার সাপ্তাহিক ভাষণে বলেছেন, “আশা করি যুদ্ধের অবসান ঘটাতে এবং জেপোরোজিয়ায় পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।”

১৯৯১ সালে সোভিয়েত শাসন থেকে স্বাধীনতা লাভের বার্ষিকী পালন করছে ইউক্রেইন। আর এই দিনেই ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরুর ছয় মাসও পূর্ণ হয়েছে।

এ যুদ্ধকে ‘পাগলামি’ আখ্যা দিয়েছেন পোপ ফ্রান্সিস। গত শনিবার রাশিয়ায় গাড়ি বোমা হামলায় প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্রর মেয়ে দারিয়া দুগিনা হত্যার উল্লেখ করে পোপ বলেন, ‘যুদ্ধের মূল্য দিচ্ছে নিরীহরা’।

ওই হত্যাকাণ্ডের জন্য রাশিয়া ইউক্রেইনীয় চরদের দায়ী করেছে মস্কো। তবে কিইভ এ অভিযোগ অস্বীকার করেছে।

পোপ ফ্রান্সিস যুদ্ধ থেকে লাভবান হওয়া অস্ত্র ব্যবসায়ীদের ‘মানবতাকে হত্যার অপরাধী’ আখ্যা দিয়েছেন।