১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেক্সাসের বন্যায় মৃত্যু বেড়ে ৭৮; দেখতে যাওয়ার পরিকল্পনা ট্রাম্পের

কার কাউন্টির শেরিফ লেইথা জানিয়েছেন, তার কাউন্টিতে বন্যায় ৬৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৮ জন শিশু।

টেক্সাসের বন্যায় মৃত্যু বেড়ে ৭৮; দেখতে যাওয়ার পরিকল্পনা ট্রাম্পের
একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া মেয়েদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 11:03 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিপর্যয়কর আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে, এদের মধ্যে শিশুই ২৮ জন। একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া মেয়েদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে আর আরও বন্যার আশঙ্কায় স্বেচ্ছাসেবক উদ্ধারকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।  

মূল ঘটনাস্থল টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, তার কাউন্টিতে বন্যায় ৬৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৮ জন শিশু। 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে জানান, টেক্সাসের অন্য জায়গাগুলোতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তখনো পর্যন্ত ৪১ জন নিখোঁজ ছিল বলে নিশ্চিত করেছেন তিনি। 

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মৃতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে জানিয়েছেন।  

তিনি বলেছেন, “যা ঘটেছে তা ভয়াবহ, একেবারেই ভয়াবহ। তাই আমরা বলি, ঈশ্বর সকল মানুষকে আশীর্বাদ করুন যারা এতোকিছুর মধ্য দিয়ে গিয়েছেন, আর ঈশ্বর আশীর্বাদ করুন, টেক্সাস অঙ্গরাজ্যকে আশীর্বাদ করুন।” 

গুয়াডালুপে নদী থেকে ভেসে যাওয়া একটি গাড়ি তুলে এনেছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স 

গুয়াডালুপে নদী থেকে ভেসে যাওয়া একটি গাড়ি তুলে এনেছেন উদ্ধারকর্মীরা

তার প্রশাসন টেক্সাসের গভর্নর অ্যাবটের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন তিনি।  

রয়টার্স জানায়, বন্যায় ক্যাম্প মিস্টিক নামের একটি গ্রীষ্মকালীন শিবির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় শতবর্ষী এই খ্রিস্টান ধর্মীয় মিশনারি ক্যাম্পটি কেবলই মেয়ে শিশুদের জন্য। স্থানীয় কার কাউন্টির শেরিফ লেইথা জানিয়েছেন, এই শিবিরের ১০ ক্যাম্পার ও এক কাউন্সেলর এখনও নিখোঁজ।  

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির দিনটিতে টেক্সাসের মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। ভোরের আগে হঠাৎ করেই অঞ্চলটিতে একটি ঝড়ের সঙ্গে ১৫ ইঞ্চি (৩৮ সেন্টিমিটার) পরিমাণ বৃষ্টিপাত হয়। এতে ওই অঞ্চলের গুয়াডালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৯ ফুট (৯ মিটার) বেড়ে আশপাশের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। ওই সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। 

কার কাউন্টিতে বন্যায় নিখোঁদের সন্ধানে তল্লাশি চলছে। ছবি: রয়টার্স 

কার কাউন্টিতে বন্যায় নিখোঁদের সন্ধানে তল্লাশি চলছে

রোববার টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিম কিড জানিয়েছেন, ধ্বংসাত্মক এই বন্যায় বার্নেট কাউন্টিতে তিনজন, ট্রাভিস কাউন্টিতে পাঁচজন, টম গ্রিন কাউন্টিতে একজন ও উইলিয়ামসন কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে। 

একইদিন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক ফ্রিম্যান মার্টিন বলেন, “আজ এবং আগামীকাল মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।”   

শনিবার কর্মকর্তারা জানিয়েছিলেন, ৮৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে কিছু গাছ আঁকড়ে ছিলেন।