মৃত্যুর কয়েকঘণ্টা আগেও বিক্ষোভে অংশ নেন ইরানি কিশোরী নিকা
বিক্ষোভের কয়েকঘণ্টা পরই নিখোঁজ হয়ে গিয়েছিল নিকা। এর ১০ দিন পর একটি মর্গে নিকার লাশ শনাক্ত করে তার পরিবার।
ইরানে নিকা শাকারামি নামে ১৬ বছরের এক কিশোরীর বিক্ষোভে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিবিসি পার্সিয়ানের কাছে নিকার মা দাবি করেছেন, ভিডিওগুলো তার মেয়ের মৃত্যুর কয়েকঘণ্টা আগে ধারণ করা।
ভিডিওতে দেখা যায়, গত ২০ সেপ্টেম্বর তেহরানের একটি রাস্তায় নিকা একটি বড় ডাস্টবিনের উপর দাঁড়িয়ে তার হিজাব আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তার আশেপাশে থাকা অন্যরা ইরান সরকার বিরোধী স্লোগান দিচ্ছে।
ওই দিন বিক্ষোভে অংশ নেয়ার কয়েকঘণ্টা পর নিকা উধাও হয়ে যায়। তার আগে তিনি তার এক বন্ধুকে বলেছিলেন, পুলিশ তাকে ধাওয়া করেছিল।
নিখোঁজ হওয়ার ১০ দিন পর একটি মর্গে নিকার লাশ শনাক্ত করে তার পরিবার। তাদের অভিযোগ, নিকাকে শনাক্ত করতে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার মুখ দেখতে দেওয়া হয়েছিল।
নিকা কিভাবে মারা গেছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।পুলিশের দাবি, নিকা ওইদিন বিক্ষোভে অংশ গ্রহণ সংশ্লিষ্ট কারণে নয় বরং অন্য কারণে মারা গেছে। তারা নিজেদের বক্তব্যের পক্ষে প্রমাণ হিসেবে একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে।
পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে এক কিশোরীকে একটি সরু গলির ভেতর দিয়ে হেঁটে আসতে এবং দরজা খুলে একটি বাড়ির ভেতর ঢুকে যেতে দেখা যায়।
নিকার মা নাসরিন সোমবার বিবিসি-র কাছে দাবি করেন, পুলিশের প্রকাশ করা ভিডিওতে যে কিশোরী বা নারীকে দেখা যাচ্ছে, সে তার মেয়ে নিকা নয়।
নিকার পরিবারের ঘনিষ্ঠ আরও একজন বলেছেন, ভিডিওর মেয়েটি যেভাবে হেঁটেছে নিকা সেভাবে হাঁটত না। নিকার মায়ের অভিযোগ, পুলিশ তার মেয়েকে হত্যা করেছে।
অন্যদিকে পুলিশ বলছে, একটি নির্মাণাধীন ভবন থেকে নিকাকে ছুড়ে ফেলে দেওয়া হলে সে মারা যায়। ‘‘সম্ভবত নির্মাণ শ্রমিকরাই তাকে ফেলে দিয়েছে।”
নিকার মা আরও দাবি করেছেন, নিকার মৃত্যু নিয়ে তার বোন আতাশ এবং ভাই মহসেনকে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করেছে পুলিশ।
‘‘তারা আমার ভাইরের চার বছরের ছেলেকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল।”
গত বুধবার রাতে টেলিভিশনে একটি অনুষ্ঠানে দেখা গেছে, নিকার মামা মহসেন চলমান বিক্ষোভের বিরুদ্ধে কথা বলছেন। ক্যামেরার পেছন থেকে কেউ একজন তাকে ফিসফিস করে সেসব কথা বলতে চাপ দিচ্ছিলেন এবং গালি দিচ্ছিলেন বলে মনে হয়েছে।
আর নিকার খালা আতাশ বলছিলেন, তার বোনের মেয়ে একটি ভবন থেকে পড়ে মারা গেছে। এসব জবানবন্দি দেওয়ার পর আতাশ ও মহসেনকে ছেড়ে দেওয়া হয়।
আতাশ বলেন, রেভল্যুশনারি গার্ডের সদস্যরা তাকে বলেছেন যে নিকা পাঁচ দিন ধরে তাদের হেফাজতে ছিল। পরে তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে মারা গেছে নিকার মতো আরও কয়েকজন কিশোরী।
নিকার মা বিবিসি-কে বলেন, ‘‘নিকার মত আমিও শিশু বয়স থেকেই নারীদের উপর হিজাব পরার বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়ার বিপক্ষে। কিন্তু আমার প্রজন্মের মানুষরা এ নিয়ে বিক্ষোভ করার মত যথেষ্ট সাহসী ছিল না।
‘‘আমার বয়সী মানুষরা বছরের পর বছর দমন, পীড়ন এবং অপমান মেনে নিয়েছে। কিন্তু আমার মেয়ে প্রতিবাদ করেছে এবং সেটা করার তার পূর্ণ স্বাধীনতা রয়েছে।”
পুলিশি হেফাজতে মাশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যু ঘিরে ইরান জুড়ে চারসপ্তাহের বেশি সময় ধরে সরকার বিরোধী টানা বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে গত শনিবার পর্যন্ত অন্তত ১৮৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহতদের মধ্যে ১৯ শিশুও রয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ২২ বছরের মাশার জানাজার দিন থেকে এ বিক্ষোভের শুরু হয়। তার একদিন আগে মারা যান মাশা। মারা যাওয়ার আগে তিনদিন তিনি হাসপাতালে কোমায় ছিলেন।
কুর্দি অধ্যুষিত ইরানি শহর সাকেজ থেকে ভাইয়ের সঙ্গে তেহরান গিয়েছিলেন মাশা। ঠিকঠাক মত হিজাব পরেননি অভিযোগ তুলে ১৩ সেপ্টম্বর ইরানের নীতি পুলিশ তাকে আটক করে।
মাশার পরিবারের দাবি, আটকের সময় পুলিশ তাদের লাঠি দিয়ে মাশার মাথায় মেরেছে এবং তাদের গাড়ির সঙ্গে মাশার মাথা ঠুকে দিয়েছে। তাতেই অজ্ঞান হয়ে পড়েন মাশা। তার জ্ঞান আর ফেরেনি। তবে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাশা মারা গেছেন।
মাশার জন্য ন্যায় বিচারের দাবিতে সাকেজ শহরে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার আগুন এখন পুরো ইরান জুড়ে জ্বলছে। বিক্ষোভকারীরা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পতনের দাবি করছেন।
এই বিক্ষোভে ‘জেনারেশন জেড’ বলে পরিচিত ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণরাই মূলত অংশ নিচ্ছে।
বিক্ষোভে শুধু নিকা একা নয় বরং হাদিস নাজাফি (২২) ও সারিনা এসমাইলজাদেহ (১৬) সহ আরো কয়েকজন তরুণ নারী নিহত হয়েছে বলে জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ইরানের কারাজ নগরীতে গত ২১ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনী বিক্ষোভের সময় গুলি করে হত্যা করা হয় হাদিসকে। আর সারিনাকে কারাজেই দুইদিন পর পিটিয়ে হত্যা করা হয়।
‘ইরানিয়ান সোসাইটি ফর প্রোটেক্টটিং দ্য রাইটস অব দ্য চাইল্ড’ সোমবার জানায়, বিক্ষোভে এখন পর্যন্ত ২৮ শিশু নিহত হয়েছে। আরও অনেক শিশুকে আটকের পর বন্দি করে রাখা হয়েছে।
