মাঝ সমুদ্রে যাত্রীবাহী ইন্দোনেশীয় ফেরিতে আগুন, নিহত অন্তত ৫
উদ্ধারকাজে নৌবাহিনীর তিনটি জাহাজ মোতায়েন করা হয়েছে। যাত্রী ও ক্রু মিলিয়ে ফেরিটির ২৮৪ আরোহীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপের কাছে সমুদ্রে কয়েকশ যাত্রীকে বহন করা একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
২৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।
রোববার স্থানীয় সময় দুপুরের দিকে কেএম বার্সেলোনা ফাইভ নামের ওই ফেরিটি নর্থ সুলায়েসি প্রদেশের দ্বীপ জেলা তালাউদ থেকে প্রদেশের রাজধানী মানাদোর দিকে যাচ্ছিল, পথে তালিসের কাছে সমুদ্রে এতে আগুন ধরে যায় বলে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল ডেনিহ হেনদ্রাতার বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যম।
হেনদ্রাতা জানান, উদ্ধারকাজে নৌবাহিনীর তিনটি জাহাজ মোতায়েন করা হয়েছে। যাত্রী ও ক্রু মিলিয়ে ফেরিটির ২৮৪ আরোহীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় জেলেরাও উদ্ধারকাজে সহায়তা করেছেন। তারা কাছাকাছি দ্বীপগুলোর নিকটে অস্থির সমুদ্রের মধ্যে লাইফ জ্যাকেট পরা অবস্থায় ভাসমান অনেককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
উদ্ধারকারীরা গর্ভবতী এক নারীসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।
কতজন আহত তার সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি। যখন আগুন ধরে তখন ফেরিতে কতজন যাত্রী ও ক্রু ছিলেন, তাও নিশ্চিত হওয়া যায়নি।
“উদ্ধার তৎপরতাতেই মনোযোগ এখন আমাদের,” আগুনের কারণ খতিয়ে দেখা হবে জানিয়ে বলেছেন হেনদ্রাতা।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রকাশিত ছবি ও ভিডিওতে আগুন ধরার পর আতঙ্কিত যাত্রীদের সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে। পুড়তে থাকা নৌযানের নিচ থেকে তখনও কমলা রঙের আগুন ও কালো ধোঁয়া বেরিয়ে আসছিল।
