ইরানকে ‘আরও ভয়াবহ’ হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
ভবিষ্যতের দিকে এগোবে, নাকি ধ্বংসের পথ বেছে নেবে, ইরানকে সিদ্ধান্ত নিতে বললেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।
ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনও চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ইসরায়েল ইরানের ওপর ‘আরও ভয়াবহ' হামলা চালাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
তিনি বলেন, ইরান বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তাদের এখন বেছে নিতে হবে যে, তারা ভবিষ্যতের দিকে এগোবে নাকি বিচ্ছিন্নতা ও ধ্বংসের গহ্বরে তলিয়ে যাবে।
কাটজ সতর্ক করে বলেন, ইরান যদি দ্বিতীয় পথটি বেছে নেয়, তবে তারা ‘খুব দ্রুতই টের পাবে’ যে ইসরায়েল এখনও তাদের এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত করেনি যেগুলো ইতিমধ্যে আক্রান্ত হওয়া স্থানগুলোর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
“সিদ্ধান্ত এখন তাদের হাতে এবং এর পরিণতির দায়ভারও তাদেরই নিতে হবে,” বলেন কাটজ।
