Published : 23 Nov 2025, 10:33 PM
এবছর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে বাক-বিতণ্ডার বৈঠকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি অকৃতজ্ঞ বলে কটাক্ষ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার আবারও ইউক্রেইনের নেতাদেরকে ‘অকৃতজ্ঞ’ বললেন তিনি।
রাশিয়ার যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের চেষ্টায় ইউক্রেইন ‘কোনওরকম কৃতজ্ঞতা’ দেখাচ্ছে না বলে এবার অভিযোগ ট্রাম্পের। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও এর ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিরা জেনিভায় বৈঠক করার সময়ই তিনি এই অভিযোগ করলেন।
রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেইনের নেতারা আমাদের প্রচেষ্টায় ‘শূন্য কৃতজ্ঞতা’দেখিয়েছে। ইউরোপের বিরুদ্ধেও অভিযোগ করে তিনি লেখেন, “তারা রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে।”
একইসঙ্গে যুদ্ধকে ‘অযথাই বহু মানুষের প্রাণহানি এবং প্রত্যেকের জন্যই হতভাগ্য’ আখ্যা দিয়ে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনকে তীব্রভাবে আক্রমণ করেছেন। বলেছেন, আগের সরকারের আমল থেকে তিনি এমন এক যুদ্ধ পেয়েছেন যেটি হওয়াই উচিত ছিল না। ইউক্রেইনের দুর্বল নেতৃত্ব নিয়েও তিনি সমালোচনা করেন।
ইউক্রেইনে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের খসড়া পরিকল্পনা নিয়ে রোববার সুইজারল্যান্ডের জেনিভায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও ইউরোপের একাধিক প্রভাবশালী দেশ।
এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তার ২৮ দফার খসড়া পরিকল্পনায় রাজি হতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে।
তার ওই পরিকল্পনায় ইউক্রেইনকে ভূখণ্ড ছাড়তে হবে, সেনাবাহিনীর আকার কমিয়ে আনতে হবে, পরিত্যাগ করতে হবে নেটোতে যোগ দেওয়ার স্বপ্ন।
পরিকল্পনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইউক্রেইনের প্রতিনিধি দল বেরিয়ে আসার সময় তারা বলেছিল সবকিছু ভালয় ভালয় চলছে।
ওই বৈঠক শেষের পরই স্যোশাল মিডিয়া পোস্টে বড় বড় হাতের অক্ষরে লেখা প্রেসিডেন্ট ট্রাম্পের লেখা দেখা যায়, যেখানে তিনি ইউক্রেইনকে অকৃতজ্ঞ বলেন।
প্রেসিডেন্টের এই মন্তব্য নিয়ে জেনিভার বৈঠকের মার্কিন প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে তারা কিছুই বলেননি। নিরাপত্তা ঘেরাটোপে থাকা মার্কিন প্রতিনিধিদল এ সময় মুখে কুলুপ এঁটে ছিল।
ওদিকে, স্যোশাল মিডিয়ায় ট্রাম্পের অভিযোগের প্রায় ২০ মিনিট পর ইউক্রেইনের শীর্ষ কর্মকর্তা রুস্তেম উমেরভ খুব বিনয়ী ভাষাতেই প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি টেলিগ্রামে লেখেন: “আমাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা এবং গুরুত্বপূর্ণ একটি অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের উদ্বেগকে বোঝার জন্য আমরা আমাদের আমেরিকান অংশীদারদের প্রশংসা করি। আজ আমরা আরও অগ্রগতি হওয়ার আশা করছি।”
এই মুহূর্তে ট্রাম্প বাদবাকি বিশ্বের সঙ্গে যোগ দিয়েছেন এবং জেনিভায় কি অগ্রগতি হয় তা দেখার অপেক্ষায় আছেন।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেইনের স্বার্থগুলো বিবেচনায় নেওয়া হতে পারে এমন একটি বোঝাপড়া আপাতত হয়েছে।
চূড়ান্তভাবে যুদ্ধ ও রক্তক্ষয় বন্ধ করতে মূল লক্ষ্যগুলো অর্জনে সব বিষয় সত্যিকার অর্থেই কার্যকর করা নিশ্চিত করতে বাড়তি কাজ চলছে বলে জানান তিনি।