Published : 06 Sep 2026, 05:20 PM
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ দিনের অবকাশ শেষে রোববার থাইল্যান্ড ছেড়ে গেছে, জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
ইরান যুদ্ধে অংশগ্রহণসহ রেকর্ড টানা ২৮৬ দিন সাগরে কাটানোর পর রণতরীটি থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পাঁচ দিনের যাত্রাবিরতি করেছিল।
আব্রাহাম লিঙ্কনের কমান্ডিং অফিসার মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ড্যান কিলার এক বিবৃতিতে বলেছেন, “আমরা থাইল্যান্ডের জনগণকে তাদের অসাধারণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে চাই।”
রয়টার্স লিখেছে, নৌবাহিনীর মোতায়েন সাধারণ ছয় থেকে নয় মাস স্থায়ী হয়, কিন্তু সংঘাতের সময় এই সময়সীমা বাড়তে পারে।
পারমাণবিক শক্তিচালিত লিঙ্কন প্রায় পাঁচ হাজার নৌ-সেনা নিয়ে ইরান যুদ্ধের বিভিন্ন অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি মার্কিন নৌ-অবরোধেরও অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের বক্তব্য অনুযায়ী, এই রণতরীটি সাগরে একটানা অবস্থানের ক্ষেত্রে আধুনিক যুগের রেকর্ড গড়েছে।
মার্কিন নৌবাহিনীর অন্য কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে লিঙ্কন বুধবার ভোররাতে থাইল্যান্ডে হাজির হয়েছিল। দক্ষিণপূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিবদ্ধ মিত্র।
সফরের সময় থাইল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছিলেন, মার্কিন রণতরীগুলো পাঁচ দিন অবস্থান করতে করতে পারে।
জাহাজগুলো নোঙর করার কিছুক্ষণের মধ্যেই রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবকাশযাপন শহর পাতায়ার একটি হোটেলে বাসে করে আসতে শুরু করেন বেসামরিক পোশাক পরা মার্কিন নাবিক ও মেরিনা সেনারা। এ সময় তাদের অনেকের মুখেই ছিল হাসি, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন তারা।
আরও পড়ুন:
পাতায়ায় মদ্যপ অবস্থায় মারামারি, আব্রাহাম লিংকনের ২ নাবিককে রণতরীতে ফেরত
থাইল্যান্ডে গিয়ে শপিংয়ে ব্যস্ত হলেন আব্রাহাম লিংকনের মার্কিন নাবিকরা