Published : 08 Sep 2026, 06:57 PM
নিরপরাধ আরবদের ঘরের ভেতরে মানুষ থাকা অবস্থায় সেখানে আগুন দেওয়াকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নফতালি বেনেট।
সংবাদ সংস্থা আনাদোলু জানায়, গত রোববার জেরুজালেমের বার্ষিক ‘বেশেভা’ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বেনেট এই মন্তব্য করেন।
সম্মেলনে বেনেট বলেন, “যদি কেউ নিরপরাধ আরবদের ঘরবাড়িতে মানুষ থাকা অবস্থাতেই আগুন দিতে আসে, তবে তা অবশ্যই ইহুদি সন্ত্রাসবাদ। জাতীয়তাবাদী উদ্দেশ্যে যদি এটি করা হয়ে থাকে, তবে সেটিই সন্ত্রাসবাদের সংজ্ঞা।”
এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো উচিত উল্লেখ করে সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “এটি কীভাবে বসতি স্থাপন আন্দোলনকে সহায়তা করে, তা আমার বোধগম্য নয়।”
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের ভোটে মূল লড়াই হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি এবং তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট ও বেনেটের মধ্যে।
সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং দখলদারদের হামলা বাড়ার প্রেক্ষাপটেই বেনেটের এই বক্তব্য সামনে এল।
শুধু নাফতালি বেনেটই নন, ইসরায়েলের একাধিক সাবেক প্রধানমন্ত্রী এবং নিরাপত্তা সংস্থার সাবেক প্রধানেরাও নেতানিয়াহু সরকারের আমলে পশ্চিম তীরে বেড়ে যাওয়া ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন।