Published : 16 Jun 2025, 11:57 PM
ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় টিভি ভবনে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। টিভিতে লাইভ সম্প্রচার চলার সময় এ হামলা হয়।
ফলে ক্যামেরায় ধরা পড়ে স্টুডিওতে ধ্বংসাবশেষ এসে পড়া এবং উপস্থাপককে দ্রুত ক্যামেরার বাইরে চলে যাওয়ার দৃশ্য।
ইসরায়েলের হামলার কারণে কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর ফের সরাসরি সম্প্রচারে ফিরেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
স্ক্রিনে ভেসে ওঠা একটি টিকারে সম্প্রচারক বলেছেন, “সমস্ত অনুষ্ঠান এখন নিরবচ্ছিন্নভাবে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।”
আরেকটি টিকারে লেখা হয়েছে, “ইসরায়েল নির্মমভাবে ইরানের রাষ্ট্রীয় টিভি ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে।”
টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়, “সত্যের কণ্ঠস্বর রোধ করতেই” এর ওপর হামলা চালিয়েছে ইসরায়েল।
রয়টার্স জানায়, ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্কে ইসরায়েলের এই হামলা হয়েছে।
এর আগে সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম খুব শিগগিরই নিশ্চিহ্ন হতে চলেছে।”
স্টুডিওতে ধ্বংসাবশেষ পড়া এবং উপস্থাপকের দ্রুত ক্যামেরার বাইরে চলে যাওয়ার দৃশ্যের স্ক্রিনগ্র্যাব ইতোমধ্যে ছড়িয়েছে। পরে পুরো ভিডিও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবনে চালানো বিমান হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে, তেহরানে যে ভবনটিতে হামলা চালানো হয়েছে, সেটি “ইরানি সশস্ত্র বাহিনীর সামরিক কার্যক্রমে ব্যবহৃত এক যোগাযোগ কেন্দ্র” ছিল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও বলেছে, এই ভবনটি “বেসামরিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে” সামরিক কাজে ব্যবহার হচ্ছিল এবং হামলার মাধ্যমে “ইরানি সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতায় সরাসরি আঘাত হানা হয়েছে।”
আইডিএফ দাবি করেছে, হামলার আগে তারা সাধারণ জনগণকে ভবনটি থেকে সরিয়ে নেওয়ার জন্য “আগাম সতর্কতা” দিয়েছিল, যার মধ্যে ফোন কলও ছিল। হামলাটি “নির্ভুলভাবে পরিচালিত” হয়েছে যাতে বেসামরিক প্রাণহানির ঝুঁকি যতটা সম্ভব কমানো যায়। তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার ভবনে ইসরায়েলের হামলায় ‘একাধিক’ কর্মীর প্রাণ গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
টিভি স্টেশনের এক প্রতিবেদক জানিয়েছেন, “হামলার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত” কর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছিলেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার প্রধান পেমান জেবেলি হামলার পর টিভি সম্প্রচারে হাজির হয়ে রক্তমাখা একটি কাগজ তুলে ধরেন এবং বলেন, “আমরা এবং আমাদের কর্মীরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকব।”
তেহরানের তৃতীয় জেলায় অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশনের সদরদপ্তরটি এক ধরনের ‘মিনি ভিলেজ’, যেখানে হাজার হাজার মানুষ কাজ করেন।
ইসরায়েল হামলার আগেই ওই এলাকা লক্ষ্য করে একটি মানচিত্র প্রকাশ করে সেখানে বসবাসকারীদের সরে যেতে বলেছিল। এই মানচিত্রে রাষ্ট্রীয় সম্প্রচার ভবনটি চিহ্নিতও করা ছিল।