যান্ত্রিক ত্রুটি: ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
ইউএসএস বেনফোল্ড গত ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে রুটিন মিশনে থাকার সময় এর জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে যুদ্ধজাহাজটি স্বাভাবিক চলাচল ক্ষমতা হারানোর পাশাপাশি অনেক কিছুতেই বিঘ্ন ঘটে।
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দিন ধরে অচল টয়লেট, রান্নার সমস্যা এবং এয়ার কন্ডিশনার ছাড়াই তীব্র গরমের মধ্যে কাটিয়েছে।
যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে বলেছে, যুদ্ধজাহাজের প্রকৌশলগত ব্যর্থতা বা যান্ত্রিক ত্রুটির কারণে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। ইরান যুদ্ধ এবং বৈশ্বিক দায়বদ্ধতার কারণে মার্কিন নৌবাহিনীর ওপর বাড়তে থাকা চরম চাপের মধ্যে এই ঘটনা তাদের জন্য আরেকটি বড় ধাক্কা।
আর্লেই বার্ক-শ্রেণির নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড গত ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে রুটিন মিশনে ছিল। সে সময় এর জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে সপ্তম ফ্লিটের মুখপাত্র নৌবাহিনীর কমান্ডার ম্যাথিউ কোমার জানিয়েছেন।
বেনফোল্ড প্রায়ই সেই স্ট্রাইক গ্রুপের অংশ হিসাবে থাকে, যা ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সঙ্গ দেয়। এই বিমানবাহী রণতরী বর্তমানে সংকটে থাকা ইউএসএস আব্রাহাম লিংকনকে রেহাই দিতে পশ্চিম এশিয়া অভিমুখে যাচ্ছে। তবে এটি (বেনফোল্ড) এখনও এশিয়াতেই রয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
যান্ত্রিক গোলযোগে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কারণে প্রায় ১০,০০০ টনের এই যুদ্ধজাহাজটির স্বাভাবিক চলাচল ক্ষমতা হারানোর পাশাপাশি রান্নাঘরের কাজ, শৌচাগার, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) এবং পানযোগ্য পানির সরবরাহও বিঘ্নিত হয় বলে কোমার জানান।
তবে জাহাজের ক্রুদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি, যারা তারা ধৈর্য ধরে ছিলেন, দৃঢ়তা, পেশাদারিত্ব বজায় রেখেছেন এবং অবিচল ছিলেন বলে জানানো হয়েছে কমরের বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের খবর প্রথম প্রকাশ করে ইউএসএনআই নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে ঘটা এই ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
যুদ্ধজাহাজ এমন বিপত্তিতে পড়ার এই ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন মার্কিন নৌবাহিনী ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে পশ্চিম এশিয়ায় 'ইউএসএস আব্রাহাম লিংকন' বিমানবাহী রণতরীর নাবিকদের কম মনোবল এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের খবরে।
ইরান যুদ্ধের কারণে কোনও বন্দরে বিরতি না নিয়ে টানা ২০০ দিনের বেশি সময় সাগরে পার করায় আব্রাহাম লিংকনের নাবিকদের আত্মহত্যার প্রবণতার খবর চাউর হওয়ার পর এ নিয়ে তীব্র সমালোচনা হয়।
বিশ্লেষকরা এবং ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা বলছেন যে, ইরান যুদ্ধ এবং মার্কিন নৌবাহিনীর বৈশ্বিক প্রতিশ্রুতির চাহিদার কারণে নৌবাহিনী হিমশিম খাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সপ্তম ফ্লিটের মুখপাত্র নৌবাহিনীর কমান্ডার ম্যাথিউ কোমার যদিও নির্দিষ্ট করে বলেননি যে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের যান্ত্রিক ত্রুটির ঘটনাটি ঠিক কোথায় ঘটেছিল, তবে আবহাওয়ার রেকর্ড অনুযায়ী, জুলাইয়ের শেষদিকে দক্ষিণ চীন সাগরের দিনের বেলার তাপমাত্রা গড়ে ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল।
মার্কিন নৌবাহিনীর এক সাবেক ক্যাপ্টেন কার্ল শুস্টার একবার পুয়ের্তো রিকোর কাছে বিদ্যুৎবিহীন একটি ডেস্ট্রয়ারে (যুদ্ধজাহাজ) প্রায় চার ঘন্টা পার করার অভিজ্ঞতার কথা বলেছিলেন। তিনি বর্ণনা করেছেন যে, এ ধরনের পরিস্থিতিতে কেমন অনুভূতি হয়।
তিনি বলেন, পরিস্থিতি ছিল উদ্বেগজনক। অপারেশন অফিসাররা ক্রুদের মনোবল এবং কার্যক্ষমতা নিয়ে চিন্তিত ছিলেন, প্রকৌশলীরা সমস্যা কীভাবে সমাধান করা যায় সেদিকে মনোনিবেশ করেছিলেন এবং নাবিকরা চিন্তিত ছিলেন তারা কোন দিকে ভেসে যাচ্ছেন এবং সামনে কেমন আবহাওয়া আসছে তা নিয়ে।
তবে পুয়ের্তো রিকোর দক্ষিণ-পূর্বের জলভাগে চার ঘণ্টা বিদ্যুৎহীন কাটানোর সেই চাপ বা উদ্বেগ দক্ষিণ চীন সাগরে চার দিন কাটানোর মতো কঠিন পরিস্থিতির ধারেকাছেও হবে না সেটি নিশ্চিত করেই বলা যায় বলে উল্লেখ করেন তিনি।
নৌবাহিনী জানায়, বিদ্যুৎ বিভ্রাটের সময় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি যুদ্ধজাহাজ গাইডেড-মিসাইল ক্রুজার 'ইউএসএস রবার্ট স্মলস' -'বেনফোল্ড' যুদ্ধজাহাজটিতে রান্না করা খাবার সরবরাহ করেছে।
কোমার জানান, 'বেনফোল্ড' বিদ্যুৎবিহীন অবস্থায় চার দিন ধরে অচল হয়ে পড়ে থাকার সময় জাপানে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর 'ইউএসএস জর্জ ওয়াশিংটন' যুদ্ধজাহাজ বহরের অন্যান্য জাহাজগুলো বেনফোল্ডকে সাহায্য করেছিল। পরে এটিকে মেরামতের জন্য ফিলিপিন্সের সুবিক বে-তে টেনে নিয়ে যাওয়া হয়।
